| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় শিক্ষা অফিসারের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৬ ইং | ১১:৩০:৪২:পূর্বাহ্ন  |  ২০৬ বার পঠিত
কাপাসিয়ায় শিক্ষা অফিসারের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন বেসরকারি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত কথিত মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক সংবাদের প্রতিবাদে মানববন্ধন করেছেন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা শিক্ষা অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষকরা প্রতিবাদ ও নিন্দাসূচক ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন। সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলে এ মানববন্ধন। এতে উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।

হরিমঞ্জুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলিমা আক্তার সুইটি, দেওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিলী নাসরিন, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসী জিনু, ধরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম, পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা বেগম, বারাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, হিজলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন কিরণ, রাওনাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন, নলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম শফিকুল ইসলাম এবং কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম একজন সৎ, দক্ষ, যোগ্য, মানবিক ও শিক্ষকবান্ধব কর্মকর্তা। তারা দাবি করেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশেষ অবদান রাখায় তিনি ২০১৯ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হন।

বক্তারা আরও অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুকে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। এসব সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান শিক্ষকরা।

তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা এবং বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে এ পেশার মর্যাদা রক্ষা করা জরুরি। শিক্ষক সমাজের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের আহ্বান জানান তারা।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম বলেন, আমি ফ্যামিলি কার্ড বিতরণের তথ্য সংগ্রহকারীদের বাছাইয়ের কাজে ব্যস্ত ছিলাম। একটি মানববন্ধন হয়েছে বলে শুনেছি। এটি শিক্ষকদের বিষয়। আমি সব সময় স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখব। এতে যদি কারও স্বার্থে আঘাত লাগে, তাহলে আমার কিছু করার নেই।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪