রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে লাফিয়ে পড়ে রিয়া খাতুন (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, বিয়ের পর দীর্ঘদিন সন্তান না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
শুক্রবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে তিনি লাফ দেন। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর সোয়া ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা লতিফ মল্লিক জানান, তাদের বাড়ি পাবনা সদর উপজেলার বাদুরডাঙ্গি গ্রামে। কয়েক বছর আগে সিঙ্গাপুরপ্রবাসী আল আমিনের সঙ্গে মোবাইল ফোনে রিয়ার বিয়ে হয়। পরে স্বামী দেশে এসে কিছুদিন অবস্থান করার পর আবার সিঙ্গাপুরে ফিরে যান।
তিনি বলেন, সন্তান নেওয়ার চেষ্টা করেও সফল না হওয়ায় রিয়া মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এর পাশাপাশি তার শরীরেও একটি রোগ ধরা পড়ে। পাবনা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিন দিন আগে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
লতিফ মল্লিক আরও জানান, ভোরে পাশের বেডের এক রোগীর স্বজন তাকে ডেকে বলেন, ‘দেখেন, আপনার মেয়ে লাফ দিচ্ছে।’ তিনি দ্রুত এগিয়ে গিয়ে রিয়াকে থামানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি নিচে লাফ দেন। নিচে একটি ব্যক্তিগত গাড়ির ওপর পড়ে গুরুতর আহত হন তিনি। ওয়ার্ডে থাকা অন্যান্য রোগী ও স্বজনরাও তাকে নিবৃত্ত করার চেষ্টা করেছিলেন, তবে তিনি কারও কথা শোনেননি।
পরে উপস্থিত লোকজনের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নতুন ভবনের অষ্টম তলা থেকে লাফিয়ে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম