স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপের পরও আর্জেন্টিনার জার্সিতে খেলবেন কি না, তা এখনো অনিশ্চিত। তবে বিশ্বকাপজয়ী এই তারকাকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত খেলিয়ে রাখতে অভিনব এক প্রস্তাব দিয়েছেন বলিভিয়ার সাবেক ফুটবলার মার্কো অ্যান্টোনিও এচাভেরি।
তার আহ্বান, সারা বিশ্ব থেকে ১০ লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহ করে মেসিকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর না নেওয়ার অনুরোধ জানানো হোক।
আর্জেন্টিনার ক্রীড়াভিত্তিক রেডিও অনুষ্ঠান ‘সুপার দেপোর্তিভো’-কে দেওয়া সাক্ষাৎকারে ১৯৯৪ বিশ্বকাপে বলিভিয়ার প্রতিনিধিত্ব করা সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার অ্যান্টোনিও বলেন, তিনি এখনো মেসিকে পরবর্তী বিশ্বকাপে খেলতে দেখতে চান। তার বিশ্বাস, আর্জেন্টাইন অধিনায়কের এখনই জাতীয় দলকে বিদায় বলা উচিত নয়।
অ্যান্টোনিওর ভাষায়, আমি মেসিকে আগামী বিশ্বকাপেও খেলতে দেখতে চাই। আশা করি, সে এখন অবসর নেবে না। পরবর্তী বিশ্বকাপে তার থাকা উচিত।
মেসির বর্তমান বয়স ৩৯ বছর হলেও তার সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ দেখছেন না বলিভিয়ার সাবেক এই ফুটবলার। তার দাবি, সাম্প্রতিক সময়েও মেসির পারফরম্যান্স প্রমাণ করেছে যে, তিনি এখনো বিশ্বের সেরা ফুটবলারদের একজন নন; বরং সবার চেয়ে আলাদা অবস্থানে আছেন।
অ্যান্টোনিও বলেন, আমার মতে, সাম্প্রতিক সময়ে মেসির খেলা আগের যে কোনো বিশ্বকাপের চেয়েও ভালো ছিল। অন্য সব খেলোয়াড়ের তুলনায় তার পারফরম্যান্সের মান অনেক ওপরে।
এফএম দেল সোলের উদ্ধৃতি দিয়ে অ্যান্টোনিও বলেন, একটি চিঠি লেখা উচিত এবং সারা বিশ্বের মানুষের স্বাক্ষর সংগ্রহ করে তাকে অনুরোধ করা উচিত, যেন সে অবসর না নেয়। ভাবুন তো, মেসিকে ছাড়া বিশ্ব ফুটবল কেমন হবে? তখন আর কিছুই আগের মতো থাকবে না। আমার মনে হয়, সে নিজেও এখনো অবসর নিতে চায় না।
২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। তবে আর্জেন্টাইন অধিনায়ক এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি। ফলে ২০২৬ কিংবা ২০৩০ বিশ্বকাপে তাকে আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে কি না, সেটি সময়ই বলে দেবে।
যদিও এরই মধ্যে বিশ্বের নানা প্রান্তের ফুটবলপ্রেমীদের মতো বলিভিয়ার সাবেক তারকা মার্কো অ্যান্টোনিওও চাইছেন, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে মেসির উপস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকুক।
সূত্র: মার্কা
রিপোর্টার্স২৪/ঝুম