রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
বাংলাদেশ সফরের অংশ হিসেবে শুক্রবার (৩১ জুলাই) কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন সার্জিও গর। সেখানে তিনি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার বিভিন্ন দিক সম্পর্কে অবগত হন।
সফরকালে তিনি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। রোহিঙ্গা সংকট মোকাবিলায় চলমান উদ্যোগ এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান সার্জিও গর। তার এই সফরকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান কূটনৈতিক সংলাপের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। কূটনৈতিক সূত্রগুলোর মতে, সফর চলাকালে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা, মানবিক সংকট এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ঝুম