নিজস্ব প্রতিবেদক: উত্তরায় র্যাব-১ সদর দফতরে অবস্থিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল বা বহুল আলোচিত ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন বিচারক এবং প্রসিকিউশন টিম। শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালের প্রতিনিধি দল ওই স্থাপনা পরিদর্শনে যান।
পরিদর্শনকারী দলে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এ সময় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার ও তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি আসামিপক্ষের আইনজীবীরাও পরিদর্শনে অংশ নেন।
এর আগে, গত ২১ জুলাই প্রসিকিউশনের আবেদনের পর ট্রাইব্যুনাল-১ এ পরিদর্শনের অনুমতি দেয়। ওইদিন চিফ প্রসিকিউটর র্যাব, ডিজিএফআই এবং ডিবির কথিত গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শনের আবেদন করেন। আবেদনে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের টানা শাসনামলে এসব স্থাপনায় বিরোধী মতাবলম্বী ব্যক্তিদের আটক রেখে নির্যাতন ও গুমের ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষাপটেই ট্রাইব্যুনাল এ পরিদর্শনের সিদ্ধান্ত নেয়।
রিপোর্টার্স২৪/এম এইচ