স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে সৃষ্ট ‘বোমা আতঙ্ক’ নিয়ে উদ্বেগের কিছু নেই, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, সম্প্রতি উদ্ধার হওয়া পরিত্যক্ত ব্যাগগুলোতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি এবং সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগস্ট মাসকে ঘিরে একটি বিশেষ গোষ্ঠীর তৎপরতার কারণে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গতকাল দেশের বিভিন্ন স্থানে যেসব পরিত্যক্ত ব্যাগ উদ্ধার হয়েছে, সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে কোথাও কোনো বোমা বা বিস্ফোরকের অস্তিত্ব পাওয়া যায়নি। জননিরাপত্তার স্বার্থে কোনো পরিত্যক্ত ব্যাগ বা সন্দেহজনক বস্তু দেখা গেলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তা পরীক্ষা করে থাকে।
তবে আশুলিয়ায় একটি প্রেসার কুকারের ভেতর থেকে উদ্ধার হওয়া বস্তু এবং মতিঝিলে পাওয়া সন্দেহজনক বস্তুর বিষয়ে পৃথকভাবে তদন্ত চলছে বলে জানান তিনি। এসব ঘটনার পেছনে কারা জড়িত বা কোনো ধরনের ইন্ধন রয়েছে কি না, তা সংশ্লিষ্ট বাহিনী গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।
গত পাঁচ-ছয় মাসের অপরাধ পরিস্থিতির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, আনুপাতিক ও তুলনামূলক বিচারে দেশে বর্তমানে এ ধরনের অপরাধ বা নাশকতার ঘটনা অনেকটাই কম। পরিস্থিতি কোনোভাবেই উদ্বেগজনক নয়।
তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বোম্ব ডিসপোজাল ইউনিট ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে। নাশকতার যেকোনো পরিকল্পনা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক সতর্ক অবস্থায় কাজ করছে।
আগস্ট মাসে বিশেষ সতর্কতা জারির কারণ ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কিছু রাজনৈতিক তৎপরতা চলতি মাসে পরিলক্ষিত হচ্ছে। এ কারণেই নিরাপত্তার স্বার্থে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব