স্টাফ রিপোর্টার: পেশা কোরিওগ্রাফী হলেও সামাজিক মাধ্যমে হাসির খোরাক জোগানোর উপাদান যেন অ্যাডলফ খান। ‘সুদর্শন পুরুষ’ বলে ট্রল করা হয় তাকে। জানা গেছে, এবার অ্যাডলফকে দেখা যাবে যৌনকর্মীর দালাল হিসেবে। এমডি ইকবালের ‘গুলশানের চামেলি’ সিনেমায় এ চরিত্রে অভিনয় করবেন তিনি।
শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সিনেমাটির মহরত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অ্যাডলফ খানের নাম ঘোষণা করা হয়। এ সময় নির্মাতা জানান, গল্পের গুরুত্বপূর্ণ একটি চরিত্রের জন্যই তাকে বেছে নেওয়া হয়েছে।
মো. ইকবাল বলেন, ‘চরিত্রটির জন্য এমন একজন শিল্পীর প্রয়োজন ছিলো যিনি উপস্থিতি ও ব্যক্তিত্ব দিয়ে আলাদা ছাপ ফেলতে পারবেন। সেই বিবেচনা থেকেই অ্যাডলফ খানকে নেওয়া হয়েছে।’
নতুন সিনেমায় যুক্ত হয়ে বেশ উচ্ছ্বসিত অ্যাডলফ খান। তিনি বলেন, ‘কোরিওগ্রাফির পাশাপাশি অভিনয়ও আমার ভালোবাসার জায়গা। ‘গুলশানের চামেলি’-তে এমন একটি চরিত্র পেয়েছি, যেখানে নিজেকে নতুনভাবে উপস্থাপনের সুযোগ রয়েছে। দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব।’
জানা গেছে, এক যৌনকর্মীকে কেন্দ্র করে এগিয়ে যাবে ছবির গল্প। নামভূমিকায় দেখা যাবে পশ্চিমবঙ্গের মধুমিতা সরকারকে। আরও অভিনয় করবেন রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার, মুকিত জাকারিয়া প্রমুখ।
রিপোর্টার্স২৪/ধ্রুব