| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান বুয়েটের অধ্যাপক সাব্বির মোস্তফা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০২, ২০২৬ ইং | ২১:৪৬:৫৬:অপরাহ্ন  |  ৩৪০৭৬ বার পঠিত
ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান বুয়েটের অধ্যাপক সাব্বির মোস্তফা

স্টাফ রিপোর্টার: ঢাকা ওয়াসার (পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ) চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা খানকে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৫’-এর ধারা ৭(১) অনুযায়ী অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খানকে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খান বর্তমানে বুয়েটের পানিসম্পদ প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি পানিসম্পদ ব্যবস্থাপনা, নগর পানি সরবরাহ, বন্যা নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং টেকসই পানি ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা ও শিক্ষাদানের সঙ্গে যুক্ত রয়েছেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি দেশের প্রকৌশলীদের অন্যতম বৃহৎ পেশাজীবী সংগঠন বাংলাদেশ প্রকৌশলী প্রতিষ্ঠানের (আইইবি) সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। প্রকৌশল শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তিনি নিয়মিত মতামত দিয়ে থাকেন।

সাব্বির মোস্তফা নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর রাজধানীতে নিরাপদ ও মানসম্মত সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন, সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নে কার্যকর নেতৃত্ব দেবেন বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪