| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে কুষ্টিয়ার শিক্ষার্থীর মৃত্যু, মরদেহ পৌঁছাল বাড়িতে

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০২, ২০২৬ ইং | ২৩:৫৫:২৬:অপরাহ্ন  |  ২৮০১ বার পঠিত
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে কুষ্টিয়ার শিক্ষার্থীর মৃত্যু, মরদেহ পৌঁছাল বাড়িতে

কুষ্টিয়া প্রতিনিধি: উচ্চশিক্ষার জন্য রাশিয়ায় গিয়ে মৃত্যুবরণ করা কুষ্টিয়ার শিক্ষার্থী সুফী অনিকের (২৭) মরদেহ দীর্ঘ এক মাসের বেশি সময় পর নিজ বাড়িতে পৌঁছেছে। মরদেহ পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের সওড়াতলা গ্রামের বাড়িতে অনিকের মরদেহ পৌঁছায়। এ সময় তাকে শেষবারের মতো দেখতে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করেন।

নিহত সুফী অনিক সওড়াতলা গ্রামের কৃষক মানোয়ার বিশ্বাসের ছেলে। তিনি রাশিয়ার চেলিয়াবিনস্কে অবস্থিত সাউথ ইউরাল স্টেট ইউনিভার্সিটি-এর শিক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২০ জুন বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের ছাদ থেকে নিচে পড়ে অনিকের মৃত্যু হয়। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

নিহতের চাচা মুফতি আলী হোসেন ফারকী জানান, অনিক ছোটবেলা থেকেই মেধাবী ও ভদ্র স্বভাবের ছিলেন। কুষ্টিয়া সরকারি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করার পর প্রায় আড়াই বছর আগে বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য রাশিয়ায় যান। তাঁর এই সাফল্যে পরিবার ও এলাকাবাসী গর্বিত ছিলেন।

তিনি আরও জানান, অনিকের মা আগেই মারা গেছেন। পরিবারে বাবা ও বড় ভাই রয়েছেন। বিদেশে থাকা অবস্থায় গত ২১ জুন পরিবারের কাছে তাঁর মৃত্যুর খবর পৌঁছায়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে এক মাস ১২ দিন পর মরদেহ দেশে আনা সম্ভব হয়।

মরদেহ বাড়িতে পৌঁছানোর পর শোকাহত স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। এলাকাবাসীও মেধাবী এই তরুণের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪