| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদি প্রতিরক্ষা জোটে নীতিগতভাবে শরিক হয়েছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৩, ২০২৬ ইং | ১৯:৪০:০৪:অপরাহ্ন  |  ১৪৮৫ বার পঠিত
সৌদি প্রতিরক্ষা জোটে নীতিগতভাবে শরিক হয়েছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, নীতিগতভাবে সৌদি প্রতিরক্ষা জোটের সাথে শরিক হয়েছি। এটি অন্য কোনো গোষ্ঠী বা কারো বিরুদ্ধে নয়, বরং শুধুমাত্র বাংলাদেশের মানুষের স্বার্থেই আমরা এই নীতিতে একমত হয়েছি।

সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সৌদি আরবের নেতৃত্বে ১৩টি দেশের যে সামরিক জোট গঠিত হয়েছে, সেই জোট নিয়ে নানা প্রশ্ন উঠছে, যা আমরা মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছেও জানতে চেয়েছি—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, নানা ধরনের প্রশ্ন এমনিতেই উঠছে না। গণমাধ্যমকর্মীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা একটু জেনে-বুঝে প্রশ্ন করবেন।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকেই বাংলাদেশ মুসলিম বিশ্ব, ওআইসি এবং বহুপাক্ষিক সংস্থাগুলোতে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তি সুরক্ষার জন্য বাংলাদেশ সরকারের মনে হয়েছে যে, এই জোটে থাকা দেশের মানুষের স্বার্থের অনুকূল। তাই আমরা এতে নীতিগতভাবে সমর্থন জানাচ্ছি।

এই জোটের পরিধি কী হবে বা বাংলাদেশ কী পরিমাণে সংযুক্ত থাকবে, তার কোনো বিশ্লেষণ এখনো হয়নি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা কেবল নীতিগতভাবে এই জোটের সাথে শরিক হয়েছি। এটি অন্য কোনো গোষ্ঠী বা কারো বিরুদ্ধে নয়, বরং শুধুমাত্র বাংলাদেশের মানুষের স্বার্থেই আমরা এই নীতিতে একমত হয়েছি।

অন্য এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাথে আমাদের মেরিটাইম ও ডিফেন্সসহ অনেক জায়গাতেই সহযোগিতা রয়েছে। যুক্তরাষ্ট্র বা অন্য যেকোনো দেশের প্রতিনিধিদল যখন বাংলাদেশের মানুষের স্বার্থে কাজ করতে আসে, আমরা অবশ্যই তাদের স্বাগত জানাই। তারা এসেছেন এবং মিটিং করবেন। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার জন্যই তারা এসেছেন।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র যেমন বিভিন্ন দেশের সাথে সামরিক মহড়া করছে, এটি কি তারই অংশ, এমন প্রশ্নের উত্তরে শামা ওবায়েদ বলেন, হতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের সাথে এটি আমাদের একটি চলমান প্রক্রিয়া। ইন্দো-প্যাসিফিক একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং বাংলাদেশ সবসময়ই এর অংশ। তাই তারা আসবেন, তাদের কাজ করবেন। তাদের সাথে আমাদের চলমান সংলাপ অতীতেও হয়েছে, এখনো হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, ডোনাল্ড লু’র সফরে আপনাদের এবং  প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে ‘বেসামরিক পারমাণবিক সহযোগিতা’ (সিভিল নিউক্লিয়ার কো-অপারেশন)-এর বিষয়টি আলোচনায় এসেছে। তারা এই চুক্তিতে আমাদের সাথে ছিল এবং সামনে আরও এগোতে চায়। এ বিষয়ে সরকারের ভাবনা কী?

জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারের ভাবনা ইতিবাচক। আবারও বলছি, যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যেকোনো দ্বিপাক্ষিক চুক্তি বা সম্পর্ক যদি বাংলাদেশের মানুষের স্বার্থে হয়, তবে আমরা সামনে এগোব। আর যদি তা দেশের মানুষের স্বার্থে না হয়, তবে আমরা সেটি করব না। এটি যদি আমাদের অর্থনীতি ও সম্পর্ক উন্নয়নে ভালো কিছু বয়ে আনে, তবে আমরা অবশ্যই তা করব।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪