বাউফল প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭জুন) বিকেলে বিভিন্ন মন্দির থেকে রথযাত্রা বের হয় এবং বিভিন্ন মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেল সারে ৫টার দিকে পৌর শহরের মদন মোহন আখড়া বাড়ি থেকে আরও একটি র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাউফল দাশপাড়া লোকনাথ মন্দিরে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি সনজিত কুমার সাহা এবং স্থানীয় বহু সনাতনধর্মালম্বী মানুষ।
অপরদিকে, এরআগে বিকেল ৫টায় কালাইয়া বন্দরের ঐতিহ্যবাহী মদন মোহন জিউর আখড়া বাড়ি থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে র্যালিটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জগন্নাথ, বলরাম ও শুভদ্রা দেবীর মাসি বাড়ি ঘোষিত গুন্ডিচা মন্দির অর্থাৎ কালাইয়া লক্ষ্মী নারায়ণ মন্দিরে গিয়ে শেষ হয়। র্যালিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও মদন মোহন জিউর আখড়া বাড়ি মন্দিরের সভাপতি অতুল চন্দ্র পালের নেতৃত্বে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।
এছাড়াও বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের সাহাপাড়া ইসকন মন্দির থেকেও একটি র্যালি বের করা হয়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ সাহার নেতৃত্বে আয়োজিত র্যালিতে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন।
র্যালি শেষে বিভিন্ন মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
.
রিপোর্টার্স২৪/এস