স্টাফ রিপোর্টার: নানা বৈশ্বিক সংকট ও চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রকাশিত ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫ অনুযায়ী, টানা পঞ্চমবারের মতো এ অবস্থানে রয়েছে দেশটি।
প্রতিবেদন অনুযায়ী, গত বছর বাংলাদেশ ৩৮ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। এ খাতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে চীন।
বিশ্বের শীর্ষ পাঁচ পোশাক রপ্তানিকারক দেশের তালিকায় চীনের পর দ্বিতীয় স্থানে বাংলাদেশ। এরপর রয়েছে যথাক্রমে ভিয়েতনাম, ভারত ও তুরস্ক।
ডব্লিউটিওর তথ্য অনুযায়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের পোশাক রপ্তানি প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার বেশি।
তবে প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশ পিছিয়ে রয়েছে। বছর ব্যবধানে দেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধি বেড়েছে প্রায় ১ শতাংশ, যেখানে একই সময়ে ভিয়েতনামের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১১ শতাংশ।
খাতসংশ্লিষ্টদের মতে, বৈশ্বিক বাজারে দ্বিতীয় অবস্থান ধরে রাখতে উৎপাদনে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়ানো, পণ্যে বৈচিত্র্য আনা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা আরও জোরদার করা প্রয়োজন।
রিপোর্টার্স২৪/ধ্রুব