| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরাতে ভারতের প্রতি বাংলাদেশের অনুরোধ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ১৪:৩৬:১৮:অপরাহ্ন  |  ৩৯৬ বার পঠিত
হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরাতে ভারতের প্রতি বাংলাদেশের অনুরোধ

রিপোর্টর্স২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে স্বাগত জানান। এ সময় হাইকমিশনার ঢাকায় দায়িত্ব পালনের গত দুই মাসের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান শাহাদাৎ স্বাধীন। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশ আশা প্রকাশ করে যে, ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। এ বিষয়ে বাংলাদেশের প্রত্যাশার কথাও ভারতীয় হাইকমিশনারের কাছে তুলে ধরা হয়।

একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পারস্পরিক আস্থা, সহযোগিতা ও আলোচনার মাধ্যমে দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হয়।

এর আগে সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গেও সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণতান্ত্রিক দেশে বিভিন্ন ধরনের ইস্যু থাকা স্বাভাবিক এবং এসব বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।

দীনেশ ত্রিবেদী আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন গণতান্ত্রিক ইস্যু আছে এবং থাকবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। দুই দেশের জনগণই সুন্দর সম্পর্ক চায় এবং ভারতের প্রধানমন্ত্রীও দুই দেশের মধ্যে সুসম্পর্ক চান বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রিপোর্টর্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪