| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ১৬:১৯:৪৯:অপরাহ্ন  |  ৩০৮ বার পঠিত
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টর্স২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের চেয়ারপারসন হিসেবে তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে এ আমন্ত্রণ গ্রহণ করে প্রধানমন্ত্রীর ভারত সফর হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ।

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

ব্রিফিংয়ে সাংবাদিকরা জানতে চান, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কবে নাগাদ স্বাভাবিক হবে এবং প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে একটি বিমসটেকের অনুষ্ঠানে এবং অন্যটি দ্বিপাক্ষিক সফরের জন্য। বাংলাদেশ এই আমন্ত্রণগুলোর কোনোটি গ্রহণ করবে কি না, জানতে চান তারা।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম কথা হচ্ছে, আমি গণক নই; সুতরাং বলতে পারব না কবে নাগাদ সম্পর্ক স্বাভাবিক হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে বিমসটেকের চেয়ারপারসন হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে এ বিষয়টি আলাদাভাবে বোঝা প্রয়োজন।

খলিলুর রহমান বলেন, ‘দুই নম্বর বিষয় হলো, প্রধানমন্ত্রীকে বিমসটেকে দাওয়াত দেওয়া হয়নি, দাওয়াত দেওয়া হয়েছে চেয়ারপারসন অব বিমসটেককে। এই পার্থক্যটা আপনাদের বোঝার চেষ্টা করতে হবে।’

তিনি জানান, এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন, যা নতুন সরকার গঠনের দিন হস্তান্তর করা হয়েছিল। ওই চিঠিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। এ ছাড়া আরও একটি আমন্ত্রণ রয়েছে, সেটিও বাংলাদেশ সরকার পর্যালোচনা করবে বলে জানান তিনি।

সাংবাদিকরা সরাসরি জানতে চান, প্রধানমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠকে আজ ভারত সফরের বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়েছে কি না।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, না, আমরা এখনো এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত নিইনি। অর্থাৎ ভারত থেকে আমন্ত্রণ থাকলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিকে বৈঠকে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারতকে তাগিদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরও বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়ে ভারতকে বলা হয়েছে।

মন্ত্রী জানান, ওসমান হাদির হত্যাকারীদের প্রত্যর্পণের বিষয়ে ভারত যেসব কাগজপত্র চেয়েছিল, সেগুলো বাংলাদেশের পক্ষ থেকে সরবরাহ করা হয়েছে।

বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য যে ধরনের অনুকূল পরিবেশ প্রয়োজন, সেই পরিবেশ সৃষ্টির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

এর আগে সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে গঙ্গা চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, বৈঠকটি ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক সাক্ষাৎ।

তিনি বলেন, একজন হাইকমিশনারের সঙ্গে সরকারপ্রধানের সৌজন্য সাক্ষাতে সাধারণত কোনো চুক্তি বা এ ধরনের সুনির্দিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হয় না।

ফলে গঙ্গা চুক্তিসহ নির্দিষ্ট কোনো দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে। এমন কোনো তথ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি।


রিপোর্টর্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪