| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১১, ২০২৬ ইং | ১৪:২৪:২৮:অপরাহ্ন  |  ৪০২৩৬ বার পঠিত
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী কে হবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, দলের ভেতরে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা চলছে এবং নীতিনির্ধারকদের সঙ্গে আরও আলোচনা করেই প্রার্থী চূড়ান্ত করা হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী কে হবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে ঠিক হয়নি।

তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলের ভেতরে এবং স্থায়ী কমিটিতে আলোচনা চলছে। তবে প্রার্থী চূড়ান্ত করার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা বৈঠক হবে। এসব আলোচনা শেষে দলের পক্ষ থেকে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

চিফ হুইপ বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই যোগ্য প্রার্থীর নাম যথাসময়ে দেশবাসীর সামনে তুলে ধরা হবে। বিএনপি সব সময় যোগ্য ও সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় স্পিকারের পদে বর্তমানে ডেপুটি স্পিকার কায়সার কামাল দায়িত্ব পালন করছেন।

সংসদ সদস্যদের গোপন ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনায় রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এ সময় রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব ও ক্ষমতা স্পিকার পরিচালনা করবেন।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিএনপি এখনো তাদের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও দলটির নীতিনির্ধারণী পর্যায়ে এ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪