বগুড়া প্রতিনিধি: সাহিত্য চর্চার ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো বগুড়া লেখক চক্রের ৯৬২তম পাক্ষিক সাহিত্য আসর। গত শুক্রবার সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথাস্থ সংগঠন কার্যালয়ে এ সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।
আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। পূর্বনির্ধারিত আলোচ্য বিষয় ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জনপ্রিয় গল্প ‘পদ্মগোখরা’। আলোচনায় অংশগ্রহণ করেন কবি হাবীবুল্লাহ জুয়েল, কবি সিকতা কাজল, কবি মাহবুব টুটুল, কবি ইনাম আহসান, কবি বিশ্বজিৎ দাশ, কবি সাহানা আক্তার, কবি হিরণ্য হারুন, কবি আমিনুল ইসলাম রনজু, কবি শাকিবুল শাকিল, মাহবুব এ ইলাহী মিঠু, তাকবির হোসেন এবং ইশতিয়াক আহমেদ স্বপন।
আসরের শুরুতে ‘পদ্মগোখরা’ গল্পটি পাঠ করেন কবি শাকিবুল শাকিল। আলোচকরা নজরুলের গল্পভাষা, সামাজিক বাস্তবতা এবং প্রতীকের ব্যবহার নিয়ে গভীর বিশ্লেষণ উপস্থাপন করেন।
সভাপতির বক্তব্যে কবি ইসলাম রফিক বলেন, “নজরুলের গল্পে বিদ্রোহ যেমন আছে, তেমনি আছে করুণা ও মানবিকতার অনুপম চিত্র। সাহিত্য চর্চায় নিয়মিত পাঠ ও বিশ্লেষণ আমাদের ভাবনাকে সমৃদ্ধ করে।”
সভা শেষে আগামী ১১ জুলাই অনুষ্ঠিতব্য ৯৬৩তম পাক্ষিক সাহিত্য আসরের বিষয় নির্ধারণ করা হয়-‘বর্ষার পদাবলী’। এ বিষয়ে কবিদের বর্ষা বিষয়ক স্বরচিত কবিতা নিয়ে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়।
রিপোর্টার্স২৪/আরএইচ