বিনোদন ডেস্ক: ‘স্ত্রী ২’-এর অভাবনীয় সাফল্যের পর থেকেই বলিউডে সাফল্যের নতুন উচ্চতায় রয়েছেন শ্রদ্ধা কাপুর। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার নিজের পারিশ্রমিক এক লাফে প্রায় তিনগুণ বাড়িয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। আর তার এই পারিশ্রমিক বৃদ্ধির কেন্দ্রে রয়েছে একটি ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং সিনেমা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বেশ ভালো সময় কাটাচ্ছেন শ্রদ্ধা কাপুর। বক্স অফিসে ব্লকবাস্টার সাফল্যের পর এবার নতুন সিনেমার পারিশ্রমিক নিয়েও খবরের শিরোনামে এসেছেন তিনি। পরিচালক লক্ষ্মণ উটেকরের ‘ইথা’ সিনেমার জন্য প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী। যা তার আগের পারিশ্রমিকের তুলনায় প্রায় তিনগুণ বেশি।
তবে শ্রদ্ধা কাপুর কিংবা সিনেমাটির নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কিন্তু বলিউডের অন্দরে তার পারিশ্রমিক বাড়ানোর খবরটি বেশ জোরালোভাবেই ছড়িয়ে পড়েছে। বিশেষ করে চলতি দশকের অন্যতম সফল সিনেমা ‘স্ত্রী ২’-এর আকাশছোঁয়া সাফল্যের পরই শ্রদ্ধার ক্যারিয়ারে এই বড় পরিবর্তন এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পরিচালক লক্ষ্মণ উটেকরের ‘ইথা’ নির্মিত হচ্ছে প্রখ্যাত লাবণী নৃত্যশিল্পী বিঠাবাঈ নারায়ণগাঁওকরের জীবনকে কেন্দ্র করে। সিনেমাটিতে শ্রদ্ধাকে তার পরিচিত গ্ল্যামারাস অবয়বের বাইরে সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে দেখা যাবে। চরিত্রটির জন্য তাকে নতুনভাবে প্রস্তুত হতে হয়েছে বলে জানা গেছে। ফলে সিনেমাটি শ্রদ্ধার অভিনয়জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবেও বিবেচিত হচ্ছে।
ইতোমধ্যেই সিনেমাটির টিজার প্রকাশ্যে এসেছে। প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় এটি ব্যাপক সাড়া ফেলেছে। টিজারে শ্রদ্ধার নতুন লুক এবং অভিনয়ের ঝলক দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে বাড়তি কৌতূহল তৈরি করেছে।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৪ ডিসেম্বর ২০২৬ বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ইথা’র।
রিপোর্টার্স২৪/ঝুম