| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৩, ২০২৬ ইং | ১২:৪৯:৩৬:অপরাহ্ন  |  ২০৮৯ বার পঠিত
আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তানজিন তিশা। পরে তার আইনজীবীর আবেদনের ওপর শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ১২ জুলাই মামলাটিতে তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার তিনি আদালতে আত্মসমর্পণ করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৫ নভেম্বর ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’ প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম ঢাকার আদালতে তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’ প্রতিষ্ঠান থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা করবেন এবং এর মূল্য পরিশোধ করবেন। এমন প্রতিশ্রুতি দিয়েই তিনি শাড়িটি নিয়েছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তবে পরবর্তী সময়ে শাড়িটির মূল্য পরিশোধ না করে তানজিন তিশা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়। মামলা দায়েরের পর বিষয়টি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দেন আদালত। পরে ডিবি এ ঘটনায় তদন্ত করে একটি প্রতিবেদন আদালতে জমা দেয়।

ডিবির দেওয়া তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন। একই সঙ্গে নির্ধারিত সময়ে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

আদালতের ওই নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেন এই অভিনেত্রী। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪