স্পোর্টস ডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের ফেলে আসা বড় সুযোগ লুফে নিতে যাচ্ছে বাংলাদেশ। ফিফার অর্থায়নে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় আসিয়ান কাপের প্রথম ডিভিশনে খেলার আমন্ত্রণ পেয়েছে তারা।
মূলত ভারত এই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় কপাল খুলেছে লাল-সবুজ প্রতিনিধিদের। শেষ মুহূর্তে পাওয়া এই বিশেষ আমন্ত্রণ গ্রহণের ব্যাপারে আজ ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বাফুফে ভবনে জাতীয় দল কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসিয়ান কাপে অংশ নেওয়ার সুবিধা ও চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনা শেষে কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে সায় দিয়েছেন।
বাফুফে এখন টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত করতে ফিফার আনুষ্ঠানিক নিশ্চয়তার অপেক্ষায় রয়েছে।
এ ব্যাপারে বাফুফে সূত্র জানিয়েছে, ‘আমরা ইতোমধ্যে ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছি। এ নিয়ে জাতীয় দল কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি খুবই ইতিবাচক।’
আর্থিক সংকটে ভোগা বাফুফের জন্য এই টুর্নামেন্টে অংশ নেওয়াটা অনেকটা ‘মেঘ না চাইতেই জল’-এর মতো। এই প্রতিযোগিতার সবচেয়ে বড় আকর্ষণ হলো, এতে অংশ নিতে বাফুফেকে কোনো তহবিল খরচ করতে হচ্ছে না। ফিফার অর্থায়নে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলের যাতায়াত এবং আবাসন খরচ আয়োজকরাই বহন করবে। এমনকি অংশগ্রহণকারী দলগুলোকে আলাদাভাবে বড় অঙ্কের পারিশ্রমিক বা অ্যাপিয়ারেন্স মানিও দেওয়া হবে।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় বসবে এই আসর। আসিয়ান কাপের ডিভিশন-১-এ অংশগ্রহণকারী আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারতের ফেলে আসা জায়গায় গ্রুপ ‘এ’-তে জায়গা পাচ্ছে বাংলাদেশ। যেখানে তাদের লড়তে হবে স্বাগতিক ইন্দোনেশিয়া, শক্তিশালী মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে। গ্রুপ পর্বে প্রতিটি দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ।
টুর্নামেন্টের ফরম্যাটটিও বেশ ব্যতিক্রম ও রোমাঞ্চকর। গ্রুপ পর্ব শেষে কেবল চ্যাম্পিয়নরা ফাইনালে লড়াই করবে না; বরং প্রতিটি দলকেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে। দুই গ্রুপের রানার্সআপ দল খেলবে তৃতীয় স্থানের জন্য, দুই গ্রুপের তৃতীয় হওয়া দল পঞ্চম এবং চতুর্থ হওয়া দলগুলো সপ্তম স্থানের জন্য মুখোমুখি হবে। ফলে টুর্নামেন্টে অন্তত চারটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন জামাল ভুঁইয়া-মোরসালিনরা, যা দলের প্রস্তুতির জন্য দারুণ এক প্ল্যাটফর্ম।
মূলত আগামী ৩ অক্টোবর কলকাতায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। সেই হাই-ভোল্টেজ ম্যাচের প্রস্তুতির জন্যই আসিয়ান কাপ থেকে সরে দাঁড়িয়েছে ‘ব্লু টাইগার’রা। ভারতের এই এক সিদ্ধান্তই বাংলাদেশের জন্য আন্তর্জাতিক ফুটবলে নিজেদের প্রমাণের নতুন এক দুয়ার খুলে দিল।
রিপোর্টার্স২৪/ধ্রুব