| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোমান্টিক আবহে দেব-শুভশ্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৬ ইং | ১১:৫৯:৩৩:পূর্বাহ্ন  |  ১০৭ বার পঠিত
রোমান্টিক আবহে দেব-শুভশ্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: একসময় টালিউডের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। দীর্ঘ ১১ বছর পর আবারও একসঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরছেন তারা। দীর্ঘ এই বিরতির পর এবার নতুন সিনেমা ‘দেশু ৭’-এ তাদের দেখা যাবে নতুন এক রোমান্টিক আবহে।

দীর্ঘ সময় দুজনেই টালিউডে সক্রিয় থাকলেও একসঙ্গে কাজ করা হয়নি। ব্যক্তিগত মনোমালিন্যের কারণে তাদের জুটিকে পর্দায় দেখতে পারেননি দর্শকরা। সেই অপেক্ষার অবসান ঘটে গত বছর। মুক্তি পায় দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’। যদিও সিনেমাটির শুটিং হয়েছিল ২০১৫ সালে।

‘ধূমকেতু’র পর এবার আরও বড় চমক নিয়ে ফিরছেন দেব-শুভশ্রী। ‘দেশু ৭’ সিনেমায় নতুন করে জুটি বেঁধেছেন তারা। শুধু অভিনয়েই নয়, এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পরিচালকের আসনে বসেছেন দেব। ফলে সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহও তৈরি হয়েছে শুরু থেকেই।

আগামী ১৬ অক্টোবর সিনেমাটি মুক্তির লক্ষ্য নিয়ে পুরোদমে শুটিং চলছে। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম পোস্টার। শনিবার (১৫ আগস্ট) প্রকাশিত পোস্টারে পুরনো সেই রোমান্টিক আমেজে ধরা দিয়েছেন দেব ও শুভশ্রী।

পোস্টারে দেখা যায়, পাহাড়ের ওপর বাইক নিয়ে বসে আছেন দেব। আর তাকে জড়িয়ে ধরে বসে আছেন শুভশ্রী। দুজনের এই ঘনিষ্ঠ ও প্রেমময় মুহূর্ত যেন ফিরিয়ে এনেছে তাদের পুরনো জুটির স্মৃতি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি প্রকাশ করে নির্মাতাদের পক্ষ থেকে লেখা হয়েছে, যতই আসুক না বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা। ভালোবাসা তাদের চোখে, আগুন তাদের রক্তে। প্রেম, অ্যাকশনের নতুন এক অধ্যায়ের জন্য সবাই প্রস্তুত হও।

পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে উচ্ছ্বাস। দেব-শুভশ্রীর রসায়ন দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেন ও সিনেমাপ্রেমীরা। পোস্টটি প্রকাশের পরপরই প্রায় ৬০ হাজার প্রতিক্রিয়া এবং কয়েক হাজার মন্তব্য জমা পড়ে।

দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তন নিয়ে শুধু দর্শকরাই নন, উচ্ছ্বসিত তাদের ব্যক্তিগত জীবনসঙ্গীরাও। দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র এবং শুভশ্রীর স্বামী, নির্মাতা রাজ চক্রবর্তীও তাদের নতুন যাত্রায় শুভেচ্ছা জানিয়েছেন।

একসময় ‘দেশু’ জুটির জনপ্রিয়তায় মুগ্ধ ছিলেন টালিউডের দর্শকরা। দীর্ঘ বিরতির পর আবারও একই পর্দায় দেব-শুভশ্রীকে দেখতে পাওয়ায় সেই পুরনো উন্মাদনাই যেন ফিরে এসেছে। এবার ‘দেশু ৭’ সেই প্রত্যাশা কতটা পূরণ করতে পারে, সেটিই দেখার অপেক্ষা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪