| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চলতি অর্থবছরেই হবে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৬ ইং | ১২:৫০:১১:অপরাহ্ন  |  ১৫০ বার পঠিত
চলতি অর্থবছরেই হবে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

রিপোর্টার্স২৪ ডেস্ক: চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব নির্বাচন আয়োজনের জন্য চলতি বাজেটে প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় স্থানীয় সরকার নির্বাচনসহ বৈঠকে আলোচিত বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী সপ্তাহে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করা হবে। ওই বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা হবে।

তবে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নির্ধারণের বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, তফসিল ও নির্বাচনের তারিখ ইসিই নির্ধারণ করবে। কমিশনের সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে।

এদিকে ডেনমার্কের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পানি সরবরাহ ব্যবস্থায় দেশটির সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায়। প্রতিমন্ত্রী জানান, রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থাপনার উন্নয়নে ডেনমার্ক সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে।

তিনি বলেন, সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপের কাজ শেষ করতে ডেনমার্ক সহযোগিতা করবে। প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপের জন্য দেশটি প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে।

এই সহায়তার মধ্যে প্রায় দেড় হাজার কোটি টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। বাকি প্রায় ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে বাংলাদেশ সরকার। ফলে প্রকল্পটি বাস্তবায়নে সরকারের ওপর তাৎক্ষণিকভাবে বড় ধরনের আর্থিক চাপ পড়বে না বলে জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রকল্পটির তৃতীয় ধাপের কাজ বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে প্রতিদিন প্রায় ৯৫ কোটি লিটার পানি শোধন করা সম্ভব হবে। এর ফলে রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থায় সক্ষমতা আরও বাড়বে এবং নগরবাসীর পানির চাহিদা পূরণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তার বিষয়টিও আলোচনায় আসে। প্রতিমন্ত্রী জানান, রোহিঙ্গাদের মানবিক সহায়তায় ডেনমার্ক ১০০ কোটি টাকা দেবে।

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি এবং পানি সরবরাহ ও রোহিঙ্গা সহায়তায় ডেনমার্কের সহযোগিতা দুই বিষয়েই বৈঠকটি গুরুত্বপূর্ণ ছিল বলে জানান সংশ্লিষ্টরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪