| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৬ ইং | ১২:০৫:০১:অপরাহ্ন  |  ১১৯০ বার পঠিত
জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড, হামলা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১০ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দেশের বিভিন্ন কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন ধার্য থাকায় কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

ট্রাইব্যুনালে হাজির করা ১০ আসামি হলেন, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম, সাবেক এমপি সোলাইমান সেলিম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ড, হামলা, নির্যাতন ও অন্যান্য মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের বিষয়ে আসামিদের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তের অগ্রগতি ও সংগৃহীত তথ্য-প্রমাণের ভিত্তিতে মামলার পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

তদন্ত প্রতিবেদন দাখিলের পর পর্যায়ক্রমে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রক্রিয়া শুরু হবে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত বিভিন্ন সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, শুরুতে এ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট ৪৬ জনকে আসামি করা হয়েছিল। পরবর্তী সময়ে তদন্তের অগ্রগতি অনুযায়ী ধাপে ধাপে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

এরই মধ্যে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে শাপলা চত্বরে গণহত্যার মামলাতেও আসামি করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান ঘিরে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক মামলার কার্যক্রম চলমান রয়েছে।

বৃহস্পতিবার সকালে ১০ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার মধ্য দিয়ে সংশ্লিষ্ট মামলার তদন্ত প্রতিবেদন ও পরবর্তী আইনি কার্যক্রম নিয়ে শুনানির পথ আরও এগিয়ে গেল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪