| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেপ্টেম্বরে ভারতে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে রেকর্ড পতন, ১৫ বছরে সর্বনিম্ন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৬ ইং | ১৯:২৬:১৬:অপরাহ্ন  |  ৪৩৭ বার পঠিত
সেপ্টেম্বরে ভারতে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে রেকর্ড পতন, ১৫ বছরে সর্বনিম্ন

আশিস গুপ্ত, নয়াদিল্লি: ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে ভারতে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে (এফডিআই) ৪.৯ বিলিয়ন ডলারের বহিঃপ্রবাহ (আউটফ্লো) রেকর্ড করা হয়েছে, যা আগের মাসের ৩.৩ বিলিয়ন ডলারের নিট অন্তঃপ্রবাহের (ইনফ্লো) তুলনায় অনেকটাই বিপরীত চিত্র। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (আরবিআই) বুলেটিন উদ্ধৃত করে এই তথ্য জানানো হয়েছে।

আরবিআই জানিয়েছে, মোট অন্তঃপ্রবাহ কমে যাওয়ার পাশাপাশি বিদেশি সংস্থাগুলোর মূলধন প্রত্যাহার (রিপ্যাট্রিয়েশন) এবং ভারতীয় সংস্থাগুলোর বিদেশে বিনিয়োগ বৃদ্ধির কারণে সেপ্টেম্বরে নিট এফডিআই হ্রাস পেয়েছে। সেপ্টেম্বরে ভারতে মোট এফডিআই অন্তঃপ্রবাহ ছিল ৫.৯ বিলিয়ন ডলার, যার বিপরীতে মূলধন প্রত্যাহার ও বিলগ্নিকরণের পরিমাণ ছিল ৬.৫ বিলিয়ন ডলার। এর ফলে নিট প্রত্যক্ষ বিনিয়োগের বহিঃপ্রবাহ দাঁড়ায় ৫৩৮ মিলিয়ন ডলারে।

এর পাশাপাশি ওই মাসে ভারতীয় সংস্থাগুলো বিদেশে ৪.৪ বিলিয়ন ডলার প্রত্যক্ষ বিনিয়োগ করায় মোট নিট এফডিআই বহিঃপ্রবাহ ৪.৯ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকেছে।

বুধবার (২৫ নভেম্বর) আরবিআই-এর প্রকাশিত তথ্যে দেখা গেছে যে, গত ১৫ বছরের মধ্যে এটিই সবচেয়ে খারাপ পরিস্থিতি। ২০১১ সালের মার্চ মাস পর্যন্ত আরবিআই-এর পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, সেপ্টেম্বরের ৪.৯৫ বিলিয়ন ডলারের মতো এত বড় মাসিক নিট এফডিআই বহিঃপ্রবাহ ভারত আগে কখনো দেখেনি।

এর আগে দ্বিতীয় সর্বোচ্চ বহিঃপ্রবাহ ছিল ২০২৪ সালের জুলাই মাসে, যার পরিমাণ ছিল ২.৬৯ বিলিয়ন ডলার। মোট এফডিআই থেকে বিদেশি সংস্থাগুলোর প্রত্যাহার করা বিনিয়োগ এবং ভারতীয় সংস্থাগুলোর বিদেশে করা বিনিয়োগ বাদ দিয়ে নিট এফডিআই-এর হিসাব করা হয়। বিদেশি সংস্থাগুলোর এই মূলধন প্রত্যাহার মুনাফা, লভ্যাংশ বা সম্পদ বিক্রির মাধ্যমে হতে পারে।

বিদেশি বিনিয়োগকারীদের অর্থ তুলে নেওয়ার প্রবণতা বৃদ্ধি এবং ভারতীয় ব্যবসায়ীদের বিদেশে বিনিয়োগ বাড়ার কারণে ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতে নিট এফডিআই অন্তঃপ্রবাহ কমে ০.৯৬ বিলিয়ন ডলারে নেমে এসেছিল এবং ২০২৬ সালের মার্চে শেষ হওয়া অর্থবর্ষেও তা কম থেকে ৬.৯৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল।

উল্লেখ্য, গত জুলাই মাসে রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় মন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছিলেন যে, নিট এফডিআই অন্তঃপ্রবাহের সাম্প্রতিক প্রবণতা মূলত বিদেশি বিনিয়োগকারীদের বাড়তি অর্থ প্রত্যাহার বা বিলগ্নিকরণ এবং ভারতীয় সংস্থাগুলোর ক্রমবর্ধমান বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের (ওডিআই) সাথে সম্পর্কিত।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪