এন্টারটেইনমেন্ট ডেস্ক: টালিউড সুপারস্টার জিতের সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সম্প্রতি মুক্তি পেয়েছে। সিনেমাটি প্রথম সপ্তাহে আয় করেছে ১ কোটি ৫৩ লাখ টাকা। এ সিনেমা মুক্তি পাওয়ার কারণে নিজের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছেন 'পাগলুখ্যাত' অভিনেতা দেব।
দেবের সেই সিনেমাটি খুব সম্ভবত ডিসেম্বরে মুক্তি পাবে। আবার ডিসেম্বরে ‘টনিক ২’ মুক্তি পাওয়ার কথা ছিল, যেটি আগামী বছর মুক্তি পাবে বলে এমনটিই জানিয়েছেন তিনি।
এ সিনেমা মুক্তি নিয়ে দুই টালি সুপারস্টারের মাঝে কোনো তিক্ততা রয়েছে কিনা, তা অবশ্য জানা না গেলেও ভক্ত-অনুরাগীদের মাঝে রয়েছে দ্বিধা।
বেশ কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমাটি। এ সিনেমাটি মুক্তি পাওয়ার পরেই দেবের এক ফ্যান পেজের তরফ থেকে জিৎকে কটাক্ষ করা হলে তাতে ক্ষোভ প্রকাশ করেন এ 'পাগলুখ্যাত' অভিনেতা। তিনি জিৎকে ‘বড় দাদা’ বলে সম্বোধন করে বলেন, আমার সময় হচ্ছে না, কিন্তু আমি খুব তাড়াতাড়ি সিনেমাটি দেখতে যাব।
এর আগে 'দুই পৃথিবী' সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন জিৎ ও দেব। এই একটি সিনেমাতেই একসঙ্গে দেখা গেছে তাদের। এরপর আর কোনো সিনেমায় একসঙ্গে কাজ করে ওঠা হয়নি তাদের। তবে একসঙ্গে কাজ না করলেও এ দুই তারকার একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা একই রয়েছে। কিন্তু মাঝেমধ্যেই দেব ও জিতের ভক্ত-অনুরাগীদের মধ্যে সামাজিক মাধ্যমে কাদা ছোড়াছুড়ি করতে দেখা যায়।
এদিকে জিতের ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমাটি দেখার কথা দিয়েছিলেন দেব। তিনি তার দেওয়া সেই কথা রেখেছেন। জিৎ অভিনীত এ সিনেমার স্পেশাল স্ক্রিনে আসেন দেব। সিনেমা দেখার আগে পরিচালককে পাশে নিয়ে তিনি বলেন, ‘এ সিনেমার কোনো নেগেটিভ রিভিউ নেই। আমি জানি ভীষণ ভালো সিনেমা করেছে পথিকৃৎ।’
জিতের সিনেমা দেব দেখতে এসেছেন এ নিয়ে বিস্ময় প্রকাশ করলে দেব বলেন, ‘কেন আসব না? আমরা তো একই ছিলাম। তোমরাই আমাদের আলাদা করে রাখো। আমি কথা দিয়েছিলাম, যাব সিনেমাটি দেখতে। আমাদের মধ্যে সব কিছু ঠিক আছে। এই কথা বলে হলের দিকে চলে যান দেব।’
রিপোর্টার্স২৪/ধ্রুব