সিলেট প্রতিনিধি: সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর বিশেষ অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ৩৬ লাখ ৫৩ হাজার টাকার চোরাচালানি মালামাল ও অবৈধ নৌকা জব্দ করা হয়েছে।
আজ ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকার লাফার্জ, সোনালীচেলা, কালাইরাগ, পাথরকোয়ারী, দমদমিয়া, সোনারহাট এবং প্রতাপপুর বিওপি এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু, জিরা, শাড়ি, কসমেটিকস, গাড়ির পার্টস, সুপারি, বিড়ি, জুস, ফুচকা এবং নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত বারকী নৌকা আটক করা হয়। জব্দকৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৬ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টার্স২৪/ঝুম