| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবার আমির হামজার বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি নারী এমপির

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৬ ইং | ১১:৪৮:০১:পূর্বাহ্ন  |  ১৭১৫ বার পঠিত
এবার আমির হামজার বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি নারী এমপির

রিপোর্টার্স২৪ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে ভেড়ামারায় নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমপি ফরিদা ইয়াসমিন এ কথা জানান। এ সময় কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। 

ফরিদা ইয়াসমিন জানান, দলের অনুমতি পেলে ওই সংসদ সদস্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ হিসেবে মানহানির মামলা করবেন তিনি।

তিনি বলেন, উনি একজন সংসদ সদস্য এবং আমিও একজন সংসদ সদস্য। প্রত্যেকেরই মর্যাদা ও সম্মান রয়েছে। একজন নারীকে সম্মানিত করে কথা বলা আমাদের রাজনৈতিক কালচার, ভদ্রতা ও আচরণের অংশ। এর বাইরে আমরা যেতে পারি না।

জনপ্রতিনিধিদের আচরণের একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত উল্লেখ করে ফরিদা ইয়াসমিন বলেন, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা জনপ্রতিনিধিদের আচার-আচরণের দিকে তাকিয়ে থাকেন। অথচ কুষ্টিয়া অঞ্চলের সংসদ সদস্য মুফতি আমির হামজা তাকে ও তার দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে অত্যন্ত অপ্রীতিকর কটূক্তি করেছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সবাইকে সম্মান করতে হবে জানিয়ে তিনি বলেন, আমি একজন বয়স্ক নারী। দায়িত্ব দেওয়া হয়েছে সংরক্ষিত আসনের ৩৭ জন মেয়েকে। জেনেশুনেও উনি কেন এই ধরনের কটূক্তি করার স্পর্ধা দেখান?

আমির হাজার দলের ওপর ঘটনার বিচারভার ছেড়ে দিয়ে ফরিদা ইয়াসমিন বলেন, তাকে ও তার দলের নেতৃত্বকে তাচ্ছিল্য ও অপমান করার উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি। দলের অনুমতি পেলে এ ঘটনায় আইনি পদক্ষেপ হিসেবে মানহানির মামলা করা হবে।

এদিকে, সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক মন্তব্য করার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১টার দিকে পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ ও সন্ধ্যায় ভেড়ামারা উপজেলায় ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মুফতি আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

সম্প্রতি দৌলতপুর উপজেলায় এক মিটিংয়ে মুফতি আমির হামজা কুষ্টিয়ার সংরক্ষিত নারী আসনের এমপি ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ্য করে বলেন, সংরক্ষিত নারী আসনের এমপির সাংবিধানিক গুরুত্ব নেই এবং তিনি কোনো সরাসরি ভোট পাননি।

তিনি আরও বলেন, আমি ১ লাখ ৮৩ হাজার ভোট পেয়েছি। আর আপনার তো কোনো ভোট নেই। আপনাকে দায়িত্ব দিলেও সাংবিধানিকভাবে কোনো গুরুত্ব নেই, কোনো সিস্টেম নেই রাষ্ট্রের। এছাড়া ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ্য করে কিছু আপত্তিকর মন্তব্য করারও অভিযোগ উঠেছে।

ওই বক্তব্যে কুষ্টিয়ার প্রশাসনের কর্মকর্তাদের পক্ষপাতিত্বের তীব্র সমালোচনা করে আমির হামজা অভিযোগ করেন, ডিসি অফিসে সার ডিলার নিয়োগের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের পাশ কাটিয়ে বিশেষ কোনো পক্ষকে সুযোগ দেওয়ার চেষ্টা চলছে।

ডিসি, এসপি, ইউএনও এবং ওসিসহ সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের পছন্দের মানুষকে বাদ দিয়ে কোনো বিশেষ গোষ্ঠীকে নিয়ে এলাকা পরিচালনার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। এ ধরনের পক্ষপাতিত্ব করলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জনগণকে জানানো হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪