| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-চীন একমত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২১, ২০২৬ ইং | ১৬:২৫:২৪:অপরাহ্ন  |  ৪৬০ বার পঠিত
সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-চীন একমত

স্টাফ রিপোর্টার: সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে একমত হয়েছে বাংলাদেশ ও চীন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় দুই দেশের নিরাপত্তা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ইয়াও ওয়েন জানান, আগামী অক্টোবরের শুরুতে বাংলাদেশে তাঁর দায়িত্বের মেয়াদ শেষ হবে। তিনি চীনের মিনিস্টার অব পাবলিক সিকিউরিটির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানান। পাশাপাশি চীনের পাবলিক সিকিউরিটি বিষয়ক ফোরামে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে চীন সফরের জন্য সালাহউদ্দিন আহমদকে আমন্ত্রণের কথা জানান।

বৈঠকে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও সাইবার অপরাধ মোকাবিলায় গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রদূত জানান, গত দুই বছরে চীন বাংলাদেশের শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে সাইবার ক্রাইম, পাবলিক সিকিউরিটি ম্যানেজমেন্ট, ট্রাফিক ও পরিবহন ব্যবস্থাপনা, ইমিগ্রেশন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী এ সহযোগিতার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বাংলাদেশ সরকার পুলিশ বাহিনীর জন্য বিশেষায়িত সাইবার সিকিউরিটি ইউনিট গঠন ও প্রয়োজনীয় অবকাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে থানা, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

সাইবার অপরাধ মোকাবিলায় চীনা বিশেষজ্ঞদের বাংলাদেশে পাঠানো এবং প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাব দেন ইয়াও ওয়েন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সিআইডির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীন সফর করবে। দলে একজন অতিরিক্ত আইজিপি, একজন অতিরিক্ত ডিআইজি এবং সাইবার ও ডিজিটাল ফরেনসিক বিষয়ে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তারা থাকবেন।

প্রতিনিধি দলটি চীনের সাইবার ল্যাব ও প্রযুক্তি ব্যবস্থাপনা পরিদর্শন করে বাংলাদেশে ফরেনসিক ল্যাব ও প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপনের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব তৈরি করবে।

বৈঠকে ইয়াও ওয়েন বাংলাদেশে কর্মরত চীনা নাগরিক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের অন্যতম প্রধান কৌশলগত উন্নয়ন অংশীদার। বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিক, ব্যবসায়ী ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কর্মরতদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, অতিরিক্ত আইজিপি ও সিআইডি প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪