| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই হত্যা মামলায় সাবেক এমপি জাফর আলম কারাগারে

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৬ ইং | ১৩:৩০:৫৮:অপরাহ্ন  |  ১২৩ বার পঠিত
দুই হত্যা মামলায় সাবেক এমপি জাফর আলম কারাগারে

রিপোর্টার্স২৪ ডেস্ক: ২০১২ সালের একটি হত্যা ও ২০২৩ সালে যুবদল নেতা শামীম হত্যা মামলায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. জাফর আলমকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পৃথক দুটি মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এর আগে, গত ২৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ২৮ এপ্রিল পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় তাকে আদালতে তোলা হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পতনের পর সাবেক এমপি জাফর আলমের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, চকরিয়া ও পেকুয়ায় অন্তত ১৬টি মামলা হয়েছে। এসব মামলায় ইতোমধ্যে কয়েক দফায় তাকে রিমান্ডও দিয়েছেন আদালত।

২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের ঘটনায় নিহত হন যুবদল নেতা শামীম মোল্লা। এ ঘটনায় গত বছরের ১৪ সেপ্টেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭০৪ জনকে আসামি করে পল্টন থানায় একটি মামলা করেন ছাত্রদলের সাবেক এক নেতা। সেখানে আসামিদের মধ্যে জাফর আলমের নামও রয়েছে।

আলোচিত এ মামলায় গত ২৮ এপ্রিল পুলিশ জাফর আলমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে আসামিপক্ষ থেকে জামিন আবেদন করা হয়। তবে ওইদিন জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তখন থেকে কারাগারে বন্দি রয়েছেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪