| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি নেতাদের গুম-খুন

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৬ ইং | ১৩:৪০:০০:অপরাহ্ন  |  ৭৫২০ বার পঠিত
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

রিপোর্টার্স২৪ ডেস্ক: আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপি নেতাদের গুম ও খুনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও অব্যাহতিপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদের তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও দুই মাস বাড়ানো হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৩০ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন প্রসিকিউশনের পক্ষে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময়ের আবেদন করেন প্রসিকিউটর ড. মোহাম্মদ অলি মিয়া। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মঈনুল করিমসহ প্রসিকিউশনের অন্যান্য সদস্য।

শুনানিতে প্রসিকিউটর ড. মোহাম্মদ অলি মিয়া ট্রাইব্যুনালকে জানান, মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বুধবার দিন ধার্য ছিল। তবে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও দুই মাস সময় চেয়েছেন। এরই মধ্যে মামলার আসামিদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এদিন সকালে কারাগার থেকে জিয়াউল আহসান ও তারেক সাঈদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের শুনানির সময় তারা দুজনই কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এর আগে গত ৪ আগস্ট সাবেক এই দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করে প্রসিকিউশন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ আগস্ট তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেদিন দুজনকেই নতুন করে গ্রেপ্তার দেখান ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুরে বিএনপি নেতা আবদুল মান্নান, জহিরুল ইসলাম সুমন ও আসাদুজ্জামান বাবুলকে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা সাজিয়ে হত্যা করা হয়। একই বছরের ২৭ নভেম্বর কুমিল্লার লাকসামে বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজকে গুম করা হয় বলে অভিযোগ রয়েছে।

এসব ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়েছে। বর্তমানে মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণের ফলে এখন আগামী ৩০ নভেম্বর ট্রাইব্যুনালে এ বিষয়ে পরবর্তী অগ্রগতি উপস্থাপন করবে প্রসিকিউশন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪