| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ বড় কিছুর দিকে এগিয়ে যাচ্ছে, ফিফাকে হামজা চৌধুরী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৬ ইং | ১৩:৪৮:৩০:অপরাহ্ন  |  ৬৮১৬ বার পঠিত
বাংলাদেশ বড় কিছুর দিকে এগিয়ে যাচ্ছে, ফিফাকে হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক:  প্রথমবারের মতো চলমান ফিফা আসিয়ান কাপে অংশ নিয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত টুর্নামেন্টে খেলা দুই ম্যাচেই হারের মুখ দেখেছে লাল-সবুজের দল। তবে শুধু ফলাফল দিয়ে দলের পারফরম্যান্স বিচার করতে নারাজ ইংল্যান্ড-বংশোদ্ভূত বাংলাদেশি তারকা হামজা দেওয়ান চৌধুরী। তার বিশ্বাস, কঠিন সময়ের মধ্য দিয়ে গেলেও দলগতভাবে বাংলাদেশ বড় কিছুর দিকে এগিয়ে যাচ্ছে।

ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন আশাবাদ ব্যক্ত করেছেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার। সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হারের পর আসিয়ান কাপে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে হামজা বলেন, ব্যক্তিগতভাবে এই টুর্নামেন্ট তার জন্য দারুণ এক অভিজ্ঞতা। তবে এখন পর্যন্ত ভালো সময়ের চেয়ে কঠিন মুহূর্তই বেশি এসেছে বাংলাদেশের সামনে।

হামজা বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার জন্য এটি অসাধারণ এক অভিজ্ঞতা, আলহামদুলিল্লাহ। অবশ্যই চড়াই-উতরাই ছিল। দুর্ভাগ্যবশত, ভালো মুহূর্তের চেয়ে কঠিন মুহূর্তের মুখোমুখিই আমাদের বেশি হতে হয়েছে। তবে আমরা কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছি এবং ভালো কিছুর ভিত্তি তৈরি করছি।’

বাংলাদেশ যে ধীরে ধীরে বড় কিছুর দিকে এগিয়ে যাচ্ছে, সেটি নিয়েও আত্মবিশ্বাসী হামজা। তার মতে, আসিয়ান কাপের মতো প্রতিযোগিতায় বাংলাদেশের অভিজ্ঞতা তুলনামূলক কম হলেও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ দলকে নিজেদের সামর্থ্য যাচাই এবং শেখার সুযোগ করে দিচ্ছে।

এই টুর্নামেন্টে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার মতো শক্তিশালী দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এর মধ্যে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষ হয়েছে। এখন বাকি স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা এবং আন্তর্জাতিক ফুটবলে বেশি অভিজ্ঞ দলগুলোর বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্সে উন্নতি দেখছেন হামজা। বিশেষ করে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের তুলনায় সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ আরও ভালো খেলেছে বলে মনে করেন তিনি।

মালয়েশিয়া ম্যাচের প্রসঙ্গ টেনে হামজা বলেন, ‘আমার মনে হয় আগের (মালয়েশিয়া) চেয়ে আমরা (সিঙ্গাপুরের বিপক্ষে) আরও ভালো খেলেছি। মালয়েশিয়া বেশ শক্তিশালী দল। ওদের বিপক্ষে ম্যাচে আমরা ধীরগতিতে শুরু করেছিলাম, যা পরবর্তীতে খেলায় ফিরে আসা কঠিন করে দিয়েছিল।’

বাংলাদেশের চেয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে মালয়েশিয়া ৪৫ ধাপ এগিয়ে। তবে মাঠের পারফরম্যান্সে দুই দলের মধ্যে সেই ব্যবধান খুব একটা চোখে পড়েনি বলে মনে করেন হামজা। তার মতে, শক্তিশালী দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা বাংলাদেশের উন্নতিরই প্রমাণ।

হামজা বলেন, ‘এই স্তরে প্রতিদ্বন্দ্বিতা করতে পারাটা আমাদের জন্য দারুণ এক ব্যাপার। ওরা র‍্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে, কিন্তু ম্যাচের কিছু মুহূর্ত দেখলে মাঠে সেই ব্যবধান একেবারেই বোঝা যায় না। তার মানে আমরা নিশ্চয়ই সঠিক পথেই আছি।’

তবে এখনই বাংলাদেশ নিজেদের কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছে গেছে—এমনটা মনে করেন না দেশের ফুটবলে নতুন আলোচনার জন্ম দেওয়া এই তারকা। তার মতে, দলকে আরও শক্তিশালী করতে এখনো কয়েকটি জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে।

হামজার ভাষায়, ‘আমার মনে হয় ধাঁধার শেষ দুই বা তিনটি টুকরো মেলানোই এখন বাকি। আশা করছি আমরা দ্রুতই সেগুলো সঠিকভাবে মিলিয়ে নিতে পারব। নভেম্বরে ঘরের মাঠে আমাদের একটি বড় টুর্নামেন্ট (সাফ চ্যাম্পিয়নশিপ) আছে। আমরা সেই টুর্নামেন্টের জন্যই নিজেদের প্রস্তুত করছি এবং আশা করি সেখানে ভালো কিছু অর্জন করতে পারব, ইনশাআল্লাহ।’

বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করেছেন হামজা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এবং ইউরোপীয় ফুটবলের ভিন্ন পরিবেশে অভ্যস্ত হলেও জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতা তার কাছে আলাদা।

বাংলাদেশের হয়ে প্রথমবার ইন্দোনেশিয়া সফরের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন হামজা। দেশটির পরিবেশ ও মানুষের আতিথেয়তায় মুগ্ধ এই ফুটবলার।

তিনি বলেন, ‘আমার সত্যিই খুব ভালো লেগেছে! এবারই প্রথম ইন্দোনেশিয়া এলাম। আমার অনেক বন্ধু ও পরিবারের অনেকে এখানে এসেছে এবং তারা সবাই দারুণ প্রশংসা করেছে। তাই নিজে এসে এটি দেখতে পেয়ে খুব ভালো লাগছে। এখানকার মানুষ খুব বন্ধুত্বপূর্ণ। আবহাওয়া আমার জন্য কিছুটা গরম, তবে সব মিলিয়ে দারুণ উপভোগ করছি।’

এবার সামনে স্বাগতিক ইন্দোনেশিয়া। গ্যালারিতে বিপুলসংখ্যক স্বাগতিক দর্শকের উপস্থিতির বিষয়টি মাথায় রেখেই ম্যাচটির জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। এমন পরিবেশকে দলের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে দেখছেন হামজা।

পরবর্তী ম্যাচ নিয়ে নিজের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ‘এই ম্যাচের জন্য মুখিয়ে আছি। গ্যালারিতে অনেক স্বাগতিক দর্শক থাকবে জানি, তাই দল হিসেবে আমাদের জন্য আরও একটি মূল্যবান অভিজ্ঞতা হতে যাচ্ছে। ইন্দোনেশিয়া খুব ভালো দল, ইউরোপের শীর্ষ লিগগুলোতে তাদের অনেক খেলোয়াড় খেলছে। ফলে আরেকটি কঠিন পরীক্ষা হবে আমাদের জন্য।’

তবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করাটাকেই এই টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণের অন্যতম উদ্দেশ্য হিসেবে দেখছেন হামজা। তার মতে, নিজেদের চেয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়েই বাংলাদেশ নিজেদের সামর্থ্য যাচাই করার সুযোগ পাচ্ছে।

হামজা বলেন, ‘তবে নিজেদের চেয়ে এগিয়ে থাকা দলগুলোর সঙ্গে লড়াই করাই আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য।’


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪