স্টাফ রিপোর্টার: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় দফায় অনলাইনে আবেদনের ফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ফল প্রকাশ করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি জানান, আবেদনকারীদের মধ্যে ১ লাখ ৮৩ হাজার ৩৬৬ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে।
এর আগে ২৭ সেপ্টেম্বর আবেদন গ্রহণ শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর রাত ৮টায় শেষ হয়।
নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত চলবে। নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে।
পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। ভর্তি চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।
নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে নির্দেশিকা অনুসরণ করে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। কলেজে বিদ্যমান আসন সংখ্যা বিবেচনা করে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করার সুযোগ রয়েছে।
দ্বিতীয় ধাপে যারা আগে আবেদন করেনি, আবেদন করেও কলেজে সিলেকশন পায়নি, চূড়ান্ত মনোনয়ন পেয়েও নিশ্চায়ন বা নির্ধারিত সময়ে ভর্তি হতে পারেনি এবং ভুল কোটা নির্ধারণের কারণে ভর্তি হতে পারেনি-তারা আবেদন করতে পেরেছে।
ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, প্রথম ধাপে আবেদন করেও কলেজ সিলেকশন না পাওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে অনলাইন আবেদন ফি ২২০ টাকা দিতে হবে না। তাদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ সিলেকশন বা এডিট সম্পন্ন করতে হবে।
বিস্তারিত জানতে নির্ধারিত ভর্তি ওয়েবসাইট (https://xiclassadmission.gov.bd) তে নির্দেশিকা অনুসরণ করতে হবে।
এর আগে ১৬ সেপ্টেম্বর প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। এতে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছিল।
রিপোর্টার্স২৪/ধ্রুব