নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মানসিক চাপে কীটনাশক (বিষ) পান করে জাহিদুল খান (৩৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে তার পরিবার।
শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জাহিদুল ওই এলাকার মো. হুমায়ূন খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে সবার অজান্তে কীটনাশক পান করেন জাহিদুল। পরে বাড়ির পেছনে ধানক্ষেতের আইলে গিয়ে ছটফট করতে থাকেন। এ সময় প্রতিবেশী জমেলা খাতুন তাকে দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করেন।
পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, জাহিদুল দীর্ঘদিন ধরে নিয়মিত কাজকর্ম করতেন না। তিনি স্থানীয় ব্যক্তি ও একটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি পুনরায় স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নেওয়ার চেষ্টা করেন। তবে ঋণ না পেয়ে বাড়িতে ফিরে আসেন। ধার করা টাকা সময়মতো পরিশোধ করতে না পারায় তিনি মানসিক চাপে ছিলেন। এ কারণে তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যদের ধারণা।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। বর্তমানে মরদেহ পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রিপোর্টার্স২৪/ঝুম