| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন দিনের নদীপথ পাড়ি দিয়ে ‘মায়ের দোয়া’, কালীগঙ্গায় কাল নৌকাবাইচ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০২, ২০২৬ ইং | ২৩:১২:৩০:অপরাহ্ন  |  ৫৯৮ বার পঠিত
তিন দিনের নদীপথ পাড়ি দিয়ে ‘মায়ের দোয়া’, কালীগঙ্গায় কাল নৌকাবাইচ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীর বাগুয়ারচর থেকে ব্রহ্মপুত্রের স্রোত পেরিয়ে তিন দিনের নদীপথের যাত্রা। গন্তব্য মানিকগঞ্জের কালীগঙ্গা। নতুন কাঠের শরীর, প্রথম প্রতিযোগিতা আর জয়ের প্রত্যাশা নিয়ে বেউথা ঘাটে এসে পৌঁছেছে খেল্লা নৌকা ‘মায়ের দোয়া’। আগামীকাল শনিবার কালীগঙ্গা নদীতে বসছে ঐতিহ্যবাহী নৌকাবাইচের আসর। এতে দেশের বিভিন্ন এলাকার ২২টি নৌকা অংশ নেওয়ার কথা রয়েছে।

‘মায়ের দোয়া’ নৌকার পরিচালক মজিবুর রহমান বলেন, গত ৩০ সেপ্টেম্বর সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাগুয়ারচর গ্রাম থেকে নৌকাটি নিয়ে মানিকগঞ্জের উদ্দেশে যাত্রা করেন তাঁরা। ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদীপথ পাড়ি দিয়ে তিন দিন পর বেউথা ঘাটে পৌঁছান।

ভারতের শাল কাঠ দিয়ে তৈরি নৌকাটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ছয় লাখ টাকা। এক বছর ধরে এটি তৈরি করা হয়েছে। নৌকাটির এটাই প্রথম বাইচ। প্রথম প্রতিযোগিতাতেই ভালো ফলের প্রত্যাশা করছেন নৌকার মাঝি ও আয়োজকেরা।

আয়োজকেরা জানান, এবারের নৌকাবাইচে কুড়িগ্রামের রৌমারী, টাঙ্গাইলের নাগরপুর, পাবনার সাঁথিয়াসহ মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার ২২টি নৌকা অংশ নেবে। এর মধ্যে খেল্লা,গয়ইটা ১০টি, ঘাসি,ছিপা ৫টি, ছান্দি ৪টি এবং পানসি ৩টি। পাশাপাশি ৭০ ও ৮০ হাত দীর্ঘ দুটি কলাগাছের ভেলাও প্রতিযোগিতায় অংশ নেবে।

নৌকাবাইচ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির সদস্য-সচিব মাসুদ পারভেজ বলেন, শনিবার সকাল ১০টায় ঘোষণা মঞ্চ থেকে প্রতিযোগী নৌকার প্রতিনিধিদের হাতে টোকেন দেওয়া হবে। দুপুর ১২টায় ঘাসি ও খেল্লা নৌকার বাছাই পর্ব শুরু হবে। ছান্দি ও পানসি নৌকা সরাসরি মূল পর্বে অংশ নেবে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি নৌকার জন্য রয়েছে ৮ সিএফটি ফ্রিজ। খেল্লা,গয়ইটা ও ঘাসি,ছিপা বিভাগে প্রথম পুরস্কার ১০০ সিসি মোটরসাইকেল। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে ১৬ ও ১১ সিএফটি ফ্রিজ। ছান্দি ও পানসি বিভাগে প্রথম পুরস্কার দুটি ইলেকট্রিক বাইক, দ্বিতীয় পুরস্কার দুটি ১৬ সিএফটি ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার দুটি ১১ সিএফটি ফ্রিজ। প্রতিটি নৌকার জন্য থাকছে পিতলের কাপ।

এ ছাড়া ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতায় নৌকা ও ব্যক্তির জন্য টেলিভিশন, প্রেসার কুকার ও রাইস কুকার পুরস্কার রাখা হয়েছে।

জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নৌকাবাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার। বিশেষ অতিথি থাকবেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।

নৌকাবাইচ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আ তা ম জহীর আলম খান লোদীর সভাপতিত্বে এবং সদস্য-সচিব মাসুদ পারভেজের পরিচালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪