| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’, সালমান মুক্তাদির মন্তব্যের জবাব দিলেন নাছির

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৬ ইং | ২২:০০:১৯:অপরাহ্ন  |  ৯৭৩১২৫ বার পঠিত
‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’, সালমান মুক্তাদির মন্তব্যের জবাব দিলেন নাছির

স্টাফ রিপোর্টার: সাম্প্রতিক খালেদ মহিউদ্দিনের এক টকশোতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির মন্তব্য করে বলেন, ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’। তার এই মন্তব্যের সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

তিনি বলেছেন, সালমান মুক্তাদিরের দেশের ছাত্ররাজনীতির বর্তমান বাস্তবতা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নাও থাকতে পারে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সালমান মুক্তাদিরের বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন নাছির।

নাছির পোস্টে লিখেছেন, ‘জনাব সালমান মুক্তাদিরের একটি বক্তব্য আমার গোচরীভূত হয়েছে। তিনি বলেছেন, ছাত্রদলে কোনো ছাত্র নেই। তার এই মন্তব্য থেকে আমার মনে হয়েছে, দেশের ছাত্ররাজনীতির বর্তমান বাস্তবতা সম্পর্কে হয়তো তার পূর্ণাঙ্গ ধারণা নেই।’

নাছির পোস্টে আরও বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে তরুণ প্রজন্মের একটি অংশের মধ্যে যে রাজনীতিবিমুখতা সৃষ্টি হয়েছিল, তার প্রভাব হয়তো এমন ধারণার জন্ম দিয়েছে। কিন্তু বাস্তবতা হলো, বর্তমানে দেশের দুই হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এসব প্রতিষ্ঠানে আমাদের নেতাকর্মীদের সিংহভাগই নিয়মিত শিক্ষার্থী।’

নাছির উদ্দীন নাছির বলেন, ‘বিগত সতেরো বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের নিয়মিত শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকা পালন করেছেন। পরীক্ষার হল ও ক্লাসরুম থেকে ধরে নিয়ে অনেককে নির্যাতন করে কারাগারে পাঠানো হয়েছে। এমনকি কারাগারে বন্দী অবস্থায়ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী পরীক্ষায় অংশ নিয়েছেন। শিক্ষা ও রাজনৈতিক অধিকার—দুটিই ধরে রাখার জন্য তাদের এই ত্যাগ ও সংগ্রামের ইতিহাস অস্বীকার করার সুযোগ নেই।’

সর্বশেষ জুলাই গণ-অভ্যুত্থানেও ওয়াসিম আকরামসহ ছাত্রদলের অনেক নিয়মিত শিক্ষার্থী শহীদ হয়েছেন উল্লেখ করে নাছির উদ্দিন নাছির বলেন, ‘তাদের আত্মত্যাগই প্রমাণ করে, দেশের গণতান্ত্রিক আন্দোলনে নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণ কতটা গভীর ও বাস্তব।’

সালমান মুক্তাদিরকে ছাত্রদলের কার্যক্রম সরেজমিনে দেখার আহ্বান জানিয়ে নাছির উদ্দীন নাছির আরও বলেন, ‘তাই সালমান মুক্তাদিরের প্রতি আমার আন্তরিক আমন্ত্রণ-আপনি আপনার পছন্দমতো বাংলাদেশের যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আসুন। আমাদের নিয়মিত শিক্ষার্থীরা আপনাকে স্বাগত জানাবে। তাদের সঙ্গে কথা বলুন, খোঁজ নিন, বাস্তবতা নিজ চোখে দেখুন। আশা করি তখন আপনার ভুল ধারণার অবসান হবে এবং আপনি উপলব্ধি করবেন-ছাত্রদলে নিয়মিত শিক্ষার্থীদের সংখ্যাই সিংহভাগ।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪