| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অনিয়মে ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: প্রবাসীকল্যাণমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৬ ইং | ১৭:২০:৪৩:অপরাহ্ন  |  ১৯২৭ বার পঠিত
অনিয়মে ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: প্রবাসীকল্যাণমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, অনিয়মের কারণে ইতোমধ্যে প্রায় ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করার পাশাপাশি মামলা করা হচ্ছে। প্রতারণা প্রতিরোধে গণমাধ্যমের সহায়তায় সচেতনতা তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে শ্রমজীবী মহিলা হোস্টেল ও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘কিছু ট্রাভেল এজেন্সিও বিদেশে কর্মী পাঠানোর কাজে জড়িয়ে পড়েছে। অথচ তাদের কাজ টিকিটের ব্যবস্থা করা, কর্মী নিয়োগ নয়। বিভিন্ন চক্রের মাধ্যমে ভিসার প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার অভিযোগগুলো আমরা যাচাই-বাছাই করছি।’

মন্ত্রী আরও জানান, বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ভিসা যাচাই, ইমিগ্রেশন ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কার্যক্রমসহ প্রতিটি স্তর পর্যায়ক্রমে অনলাইন ব্যবস্থার আওতায় আনা হবে। আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে এ উদ্যোগের দৃশ্যমান পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সৌদি আরবে বিমানবন্দরে হামলার ঘটনায় দুই বাংলাদেশি নিহত ও কয়েকজন আহত হয়েছেন জানিয়ে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, আহত ব্যক্তিদের ৫টি হাসপাতালে চিকিৎসা চলছে। তাদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার।

মন্ত্রী বলেন, ‘হামলার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে আমাদের শ্রমকল্যাণ উইংগুলো কাজ শুরু করেছে। আমি নিজেও একজন আহত ব্যক্তির বাবার সঙ্গে কথা বলেছি। প্রবাসীদের সতর্ক থাকতে এবং নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। কোনো সমস্যায় পড়লে তারা বাংলাদেশ মিশনের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন।’

তিনি জানান, প্রবাসীদের পরিস্থিতি পর্যবেক্ষণে একটি মনিটরিং সেল কাজ করছে। এর মাধ্যমে প্রতি এক থেকে দুই ঘণ্টা পরপর সর্বশেষ তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এদিকে পরিদর্শনকালে বন্দরে দীর্ঘদিন ধরে অব্যবহৃত শ্রমজীবী মহিলা হোস্টেল ও ৫০ শয্যার হাসপাতাল আগামী ৭ নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালুর ঘোষণা দেন মন্ত্রী।

আরিফুল হক চৌধুরী বলেন, দূরদূরান্ত থেকে শিল্পকারখানায় কাজ করতে আসা নারী শ্রমিকদের আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্থাপনাগুলো নির্মাণ করা হলেও দীর্ঘদিন ধরে চালু করা হয়নি। জনগণের কল্যাণে বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এসব প্রতিষ্ঠান অব্যবহৃত রাখা যায় না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সেগুলো সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসকে সামনে রেখে আমরা হোস্টেল ও হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে চালু করতে চাই। স্থানীয় সংসদ সদস্য ও শ্রমিকনেতারাও এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এটি চালু হলে এলাকার নারী শ্রমিকেরা উপকৃত হবেন।’

এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় শ্রমিকনেতারা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪