| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১০ হাজার কোটি টাকার খেলাপি ঋণ: এস আলম গ্রুপের সম্পত্তি ক্রোকের নির্দেশ

reporter
  • আপডেট টাইম: Jul ০৩, ২০২৫ ইং | ১৩:০২:০৫:অপরাহ্ন  |  ১৭৪১৯১৭ বার পঠিত
১০ হাজার কোটি টাকার খেলাপি ঋণ: এস আলম গ্রুপের সম্পত্তি ক্রোকের নির্দেশ
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: ইসলামী ব্যাংকের চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জ শাখা থেকে নেওয়া ১০ হাজার ২৮০ কোটি টাকার ঋণ খেলাপির দায়ে এস আলম গ্রুপের বিভিন্ন সম্পত্তি, শেয়ার ও ব্যাংক হিসাব ক্রোকের নির্দেশ দিয়েছে অর্থঋণ আদালত।

বুধবার (২ জুলাই) অর্থঋণ আদালত–১ এর বিচারক মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ এরশাদ  এ তথ্য নিশ্চিত করেন।

আদালতের নির্দেশে ঢাকার মতিঝিলে অবস্থিত একটি চারতলা বাণিজ্যিক ভবনসহ মোট ৫ কাঠা ৯ দশমিক ৯০ ডেসিমেল জমি ক্রোক করা হয়েছে। এটি এস আলম ভেজিটেবল ওয়েল লিমিটেডের চেয়ারম্যান ফারজানা পারভীনের মালিকানাধীন, যিনি ২০২৩ সালের ১৩ আগস্ট সম্পত্তিটি অর্জন করেন।

এছাড়া এস এস পাওয়ার লিমিটেডের ৫৮ কোটি টাকার বেশি মূল্যের শেয়ার, সোনালী কার্ডো লজিস্টিক লিমিটেডের ১১৭ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার এবং চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ও আলকডিয়া মৌজার ৩১ হাজার ২৫১ দশমিক ৭০ ডেসিমেল জমি, স্থাপনা, যন্ত্রপাতি, কাঁচামালসহ অন্যান্য সম্পত্তিও ক্রোকের আওতায় আনা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, এসব সম্পত্তির মালিক এস. আলম গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান—এস আলম সিমেন্ট, এস আলম ভেজিটেবল ওয়েল ও সোনালী কার্ডো লজিস্টিক লিমিটেড।

এছাড়া গুলশান সার্কেল-১ শাখার একটি ব্যাংকে থাকা এস. এস. পাওয়ার লিমিটেডের তিনটি এমএসএনডি হিসাবও ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। হিসাব তিনটিতে জমা রয়েছে যথাক্রমে ১০২ কোটি ৩৯ লাখ, ৩৫ কোটি ৮৫ লাখ এবং ৭৭৮ টাকা ৩১ পয়সা।

এর আগে, গত ২২ জুন ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে এ বিষয়ে অর্থঋণ আদালতে মামলাটি করা হয়। এতে এস আলম ভেজিটেবল ওয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম, চেয়ারম্যান ফারজানা পারভিন, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং শেয়ারহোল্ডার আবদুস সামাদ, মোহাম্মদ আব্দুল্লাহ হাসান, ওসমান গণি, মো. রাশেদুল আলম ও এহসানুল আলমকে বিবাদী করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪