বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে জেলা সমন্বিত চক্ষু সেবা কর্মসূচির কার্যক্রম আরও সম্প্রসারণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় চক্ষু স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে সাইটসেভার্স এর সহযোগিতায় ও দৃষ্টিদান চক্ষু হাসপাতালের বাস্তবায়নে বাগেরহাট সদর উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের (ওপিডি) প্রতিনিধি এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুবুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার সাবিহা মেহেবুবা, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ শুনু, দৃষ্টিদান চক্ষু হাসপাতালের প্রগ্রাম অফিসার কাজী সাইদুর রহমান সবুজসহ অনেকে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন বিথি।
অনুষ্ঠান সঞ্চালনা ও পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন সাইটসেভার্সের জেলা সমন্বয়কারী মমিনুল হক। এ সময় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক যুব উন্নয়ন কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ ছাড়া বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শূনু, দৃষ্টিদান চক্ষু হাসপাতালের প্রোগ্রাম অফিসার কাজী সাইদুর রহমান সবুজসহ বিভিন্ন ওপিডির সভাপতি এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় বক্তারা জেলার মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত চক্ষু স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, চোখের বিভিন্ন রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সময়মতো পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের সুযোগ সম্প্রসারণ করা জরুরি। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি এবং চক্ষু স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত মানুষের কাছে সেবা পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, দৃষ্টিদান ও সাইটসেভার্স বাগেরহাট জেলার চক্ষু স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ধরনের উদ্যোগ জেলাবাসীর জন্য অত্যন্ত ইতিবাচক। ভবিষ্যতে চক্ষু স্বাস্থ্যসেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে প্রচার-প্রচারণা ও সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করবে।
সভায় জেলা সমন্বিত চক্ষু সেবা কর্মসূচির অগ্রগতি, সেবার পরিধি বৃদ্ধি, জনসচেতনতা তৈরি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের অ্যাডভোকেসি সভার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে এবং বাগেরহাট জেলার আরও বেশি মানুষ প্রয়োজনীয় চক্ষু স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।
সাইটসেভার্সের সহযোগিতায় এবং দৃষ্টিদান চক্ষু হাসপাতাল, বাগেরহাটের বাস্তবায়নে জেলা সমন্বিত চক্ষু সেবা কর্মসূচির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব