| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালাইয়ে সালাফিয়া মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৬ ইং | ১৭:১৮:২৯:অপরাহ্ন  |  ৪৬৫ বার পঠিত
কালাইয়ে সালাফিয়া মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার পশ্চিম কুজাইল সালাফিয়া মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে অনিয়ম, অর্থ আত্মসাৎ, প্রতারণা ও এলাকাবাসীকে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।

লিখিত অভিযোগে পশ্চিম কুজাইল গ্রামের মৃত ছবির উদ্দিন প্রামাণিকের ছেলে আজিজুল হক (৬০) উল্লেখ করেন, একই গ্রামের তাজমুল বিন মোফাজ্জল ওরফে সাদ্দাম (৩৫) মাদ্রাসাটি পরিচালনা করছেন। তবে সেখানে নিয়মিত শিক্ষাকার্যক্রম পরিচালিত হচ্ছে না বলে অভিযোগ করেছেন তাঁরা।

অভিযোগে বলা হয়, মাদ্রাসাটিতে নিয়মিত শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি এবং স্থায়ী শিক্ষার্থীর সংখ্যাও খুবই কম। বর্তমানে সেখানে মাত্র চার থেকে পাঁচজন শিক্ষার্থী রয়েছে বলে দাবি অভিযোগকারীদের। তাঁদের অভিযোগ, মাদ্রাসার নামে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও অনুদান প্রদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে। তবে ওই অর্থ প্রতিষ্ঠানের তহবিলে জমা না দিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তাঁরা।

এ ছাড়া মাদ্রাসার নামে অনুদান গ্রহণ, প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা ও আর্থিক লেনদেনের ক্ষেত্রেও বিভিন্ন অনিয়মের অভিযোগ করা হয়েছে। এসব বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার পরিচালক এলাকাবাসীকে বিভ্রান্তিকর তথ্য দেন এবং তাঁদের ভয়ভীতি দেখান বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীদের ভাষ্য, গত ১৯ অক্টোবর বিকেল আনুমানিক চারটার দিকে মাদ্রাসার কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে পরিচালক তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন। এ ঘটনার সাক্ষী হিসেবে সোহেল রানা (৪০) ও জিহাদ হোসেন (২৫) নামের দুজনের কথা অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীরা জানান, মাদ্রাসাটির কার্যক্রম ও আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় অসন্তোষ বিরাজ করছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মাদ্রাসার পরিচালক তাজমুল বিন মোফাজ্জল ওরফে সাদ্দাম। তিনি বলেন, আমার বিরুদ্ধে তাঁরা গত সাত বছর ধরেই বিভিন্ন অভিযোগ দিয়ে আসছেন। তারা তো ধর্ম বিরোধী।আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। আমিও তাঁদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করব।

অভিযোগের বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আমরা অভিযোগটি পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, ‘আপনাদের মাধ্যমে বিষয়টি জানলাম। যেহেতু মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে গ্রামবাসী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, সেটার তদন্ত হোক। তদন্তে অভিযোগের সত্যতা পেলে  উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪