রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৩৪৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার এবং গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
অধিদপ্তর সূত্রে জানা যায়, পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে একটি দল বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর এলাকায় তুষার মণ্ডলের (২৪) বসতঘরে অভিযান চালায়।
এ সময় তিন কক্ষবিশিষ্ট বাড়ির মাঝের কক্ষে থাকা তুষারের দেহ তল্লাশি করে ৩৪৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে তুষার মণ্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় বালিয়াকান্দি থানায় মামলা করেন। মামলাটি ৩ নভেম্বর দায়ের করা হয়।
অন্যদিকে, একই দিন বালিয়াকান্দির রায়পুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নুর মোহাম্মদ শেখ (৩৭) নামের এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে আরও জানায়, নিয়মিত মামলার আসামি তুষার মণ্ডলকে আদালতে সোপর্দ করা হয়েছে। আর ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত নুর মোহাম্মদ শেখকে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম