| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৬ ইং | ১৮:৩৪:১৫:অপরাহ্ন  |  ১২৪১৬ বার পঠিত
একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিসহ (পিইডিপি-৫) মোট ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫৮ হাজার কোটি টাকা।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠক শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি। এ সময় পরিকল্পনা সচিব এস এম শাকিল আকতারসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে জানানো হয়, বৈঠকে চারটি প্রকল্পের অনুমোদন স্থগিত রেখে সেগুলো আরও পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। স্থগিত হওয়া প্রকল্পগুলো হলো—প্রবৃদ্ধি-লোকাল ইকোনমিক ডেভেলপমেন্ট (এলইডি) ইন সিলেক্টেড মিউনিসিপ্যালিটিজ প্রকল্প, নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়কগুলোর ক্ষতিগ্রস্ত অংশ, নর্দমা ও ফুটপাত উন্নয়ন প্রকল্প এবং মেট্রো ঢাকা: ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রজেক্ট।

অনুমোদন পাওয়া প্রকল্পসমূহ

একনেকে অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষায়িত যানবাহন ক্রয়, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য অপারেশনাল যানবাহন ক্রয় এবং তিতাস গ্যাসক্ষেত্রে দুটি মূল্যায়ন ও উন্নয়ন গ্যাসকূপ (তিতাস-৩২ ও তিতাস-৩৩) খনন প্রকল্প।

এ ছাড়া অন্যান্য অনুমোদিত প্রকল্পগুলো হলো—‘ইনোভেশন ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট’, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প, দেশের পাঁচটি মেডিক্যাল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপন, বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন খালের পাড় সংরক্ষণসহ পুনরুদ্ধার ও পুনঃখলন কাজ (প্রথম পর্ব), ঢাকা সেনানিবাসের মঈনুল রোড আবাসিক এলাকায় বি টাইপ অফিসার্স বাসস্থান নির্মাণ, জিগাতলার গাবতলা কলোনিতে সরকারি কর্মচারীদের জন্য বহুতল ভবন নির্মাণ এবং গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু বা কালভার্ট নির্মাণ প্রকল্প।

একনেককে অবগত করা চার প্রকল্প

৫০ কোটি টাকার কম ব্যয় হওয়ায় নিয়ম অনুযায়ী অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চারটি প্রকল্পের অনুমোদন দিয়েছেন। প্রথা অনুযায়ী প্রকল্পগুলো আজকের একনেক বৈঠকে কেবল অবগত করা হয়।

এ প্রকল্পগুলো হলো—দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের হৃদরোগ চিকিৎসাসেবা আধুনিকীকরণ, দেশের শিশু-কিশোর ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ট্রাফিক অবকাঠামো উন্নয়নসহ সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪