বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় লতিকা হেলেন পিংকি (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পিংকি ধানসাগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম পিঞ্জুর মেয়ে। তিনি এ বছর শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন দেখছিলেন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য খুলনায় যাওয়ার কথা ছিল পিংকির। ভর্তি ফি, যাতায়াত ও অন্যান্য খরচ বাবদ মায়ের কাছ থেকে নয় হাজার টাকা নিয়েছিলেন তিনি। তবে যাওয়ার আগে মায়ের কাছে আরও ১০০ টাকা চান। এ নিয়ে মায়ের সঙ্গে কথা-কাটাকাটি ও বকাঝকার একপর্যায়ে অভিমান করে নিজের শোবার ঘরে চলে যান তিনি। পরে ঘরের দরজা বন্ধ করে দেন। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাইম ইসলাম জানান, হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে পিংকিকে মৃত ঘোষণা করা হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
রিপোর্টার্স২৪/রাফিদ