| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লায় বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, এমপির গাড়িবহরে হামলা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৬ ইং | ২৩:১৭:১৭:অপরাহ্ন  |  ৪৩২ বার পঠিত
কুমিল্লায় বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, এমপির গাড়িবহরে হামলা

স্টাফ রিপোর্টার: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কেন্দ্র করে কুমিল্লার দেবিদ্বারে বিএনপির দুপক্ষ পাল্টাপাল্টি সমাবেশ ও শোডাউন করেছে। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার গাড়িবহরে হামলা ও একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

রোববার (৮ নভেম্বর) বিকেলে দেবিদ্বার পৌরসভার নিউমার্কেট ও কালাচাঁন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিকেলে দেবিদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে নিউমার্কেট চত্বরে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এমএ আউয়াল খানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী ও সাবেক সদস্য সচিব এএফএম তারেক মুন্সীর নেতৃত্বে দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে আরেকটি সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।

দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে দিনভর উপজেলা সদরে উত্তেজনা বিরাজ করে। উপজেলা বিএনপির সমাবেশ শেষে একটি মিছিল উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। অন্যদিকে, রেজবিউল আহসান মুন্সী ও তারেক মুন্সীর নেতৃত্বে আরেকটি মিছিল উপজেলা পরিষদের দিকে যায়।

এ সময় সংসদ সদস্য রাশেদা বেগম হীরা ও অন্য অতিথিরা উপজেলা চত্বর থেকে বের হওয়ার পথে কালাচাঁন মার্কেটের সামনে দুপক্ষ মুখোমুখি হয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে রাশেদা বেগম হীরার গাড়িতে আঘাত করা হয় এবং আপত্তিকর স্লোগান দেওয়া হয়। এ সময় এমএ আউয়াল খানের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে।

এমএ আউয়াল খান বলেন, আমরা কর্মসূচি শেষে ফেরার পথে কালাচাঁন মার্কেটের সামনে তাদের সামনে পড়ি। তখন তারা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ও সংরক্ষিত সংসদ সদস্য রাশেদা বেগম হীরাকে নিয়ে আপত্তিকর স্লোগান দিচ্ছিলেন। আমাদের নেতাকর্মীরা এমন স্লোগান দিতে নিষেধ করলে তারা গাড়িবহরে হামলা চালান এবং আমার গাড়ি ভাঙচুর করেন। এতে নেতৃত্ব দেন এএফএম তারেক মুন্সী নিজেই।

অভিযোগের বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এএফএম তারেক মুন্সী বলেন, এ ধরনের ঘটনার বিষয়ে আমাদের জানা নেই। অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।

সংসদ সদস্য রাশেদা বেগম হীরা বলেন, আমরা কর্মসূচি শেষে সুন্দরভাবে ফেরার পথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সংগঠনের কর্মসূচি ঘিরে যারা ভীতি প্রদর্শন করতে চায়, তাদের কি আমরা দলের লোক মনে করব? তাদের কোনো অভিযোগ থাকলে আমাদের সঙ্গে কথা বলতে পারত।

তিনি বলেন, আওয়ামী লীগের মতো এসে আক্রমণ করা- মনে হচ্ছে তারা আওয়ামী লীগেরই প্রতিনিধিত্ব করছে। এ সময় তারা আমাদের গাড়িগুলোতে আঘাত করে এবং সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নাম ধরে গালাগাল করে। পরে পুলিশ আমাদের নিরাপত্তা দিয়ে নিয়ে এসেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪