| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদি রাজধানীতে হামলার শঙ্কা, বাসিন্দাদের জরুরি সতর্কবার্তা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৬ ইং | ১৯:১২:৪৫:অপরাহ্ন  |  ২৬০০ বার পঠিত
সৌদি রাজধানীতে হামলার শঙ্কা, বাসিন্দাদের জরুরি সতর্কবার্তা

ইন্টারন্যাশনাল ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে আকাশপথে হামলার আশঙ্কায় বাসিন্দাদের সতর্কবার্তা জারি করেছিল দেশটির কর্তৃপক্ষ। তবে সতর্কতা জারির কিছুক্ষণ পরই তা প্রত্যাহার করা হয়। এর এক দিন আগেই রিয়াদের একটি বাণিজ্যিক এলাকায় হামলার ঘটনা ঘটে। এতে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। খবর এএফপির।

সোমবার (৯ নভেম্বর) জারি করা সতর্কবার্তায় বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি ঘরের ভেতরে অথবা নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়। একই সঙ্গে জানালা ও দরজা থেকে দূরে থাকতে এবং বেসামরিক প্রতিরক্ষা বিভাগের নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, এলাকায় শত্রুপক্ষের আকাশপথে হামলার হুমকি রয়েছে। তবে পরবর্তী সময়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা ছাড়াই সতর্কতা প্রত্যাহার করা হয়।

এর আগে রোববার হুতি বিদ্রোহীরা রিয়াদের বাণিজ্যিক এলাকায় হামলার দাবি করে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, হামলায় সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর মালিকানাধীন একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটি হামলার চেষ্টার শিকার হয়েছিল।

গত কয়েক মাসে আরামকোর বিভিন্ন স্থাপনায় একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তু হয়েছে তেলবাহী ট্যাংকার, তেল শোধনাগার, তেল সংরক্ষণাগার ও কোম্পানিটির সদর দপ্তর।

সৌদি আরবে গত অক্টোবর থেকে প্রায় প্রতিদিনই হামলার ঘটনা ঘটছে। ওই সময় লোহিত সাগর উপকূলে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীকে তাদের অবস্থান থেকে হটিয়ে দেওয়ার পর সৌদি আরবের বিরুদ্ধে হামলা জোরদার করে হুতি বিদ্রোহীরা।

এর আগে ইয়েমেনের দীর্ঘদিনের সংঘাত বন্ধে ২০২২ সালে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে গত জুলাইয়ে সেই যুদ্ধবিরতি ভেঙে পড়ে। এরপর থেকে সৌদি আরব ও হুতি বিদ্রোহীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।

হুতিরা এরই মধ্যে সৌদি আরবের বিমানবন্দর, সামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। সর্বশেষ রিয়াদে আকাশপথে হামলার সতর্কতা জারি এবং তা দ্রুত প্রত্যাহারের ঘটনায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪