| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৬ ইং | ১৭:৫৪:৩০:অপরাহ্ন  |  ৩৮৪০ বার পঠিত
তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন

নরসিংদী প্রতিনিধি: বিতর্কিত বক্তা গিয়াসউদ্দিন আত-তাহেরীকে কেন্দ্র করে নরসিংদীর বেলাব উপজেলায় সৃষ্ট উত্তেজনা, সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা এবং নিজের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও মানহানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মুফতি আনোয়ার হোসাইন চিশতী।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে নরসিংদী জেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মুফতি আনোয়ার হোসাইন চিশতী। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ বেলাব উপজেলা শাখার সভাপতি এবং জামেয়া আমানিয়া রহমতপুর মাদ্রাসার অধ্যক্ষ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৩ সালের ১৫ জানুয়ারি রায়পুরা থানার অলিপুরা গ্রামে গিয়াসউদ্দিন আত-তাহেরীর একটি বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও প্রায় ৫০ জন আহত হন। পরে ২০টি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। ওই ঘটনার পর রায়পুরা ও বেলাব উপজেলায় আত-তাহেরীর মাহফিল নিষিদ্ধ করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

মুফতি আনোয়ার হোসাইন চিশতী জানান, গত ৫ নভেম্বর বেলাব উপজেলার নারায়ণপুর কবরস্থানসংলগ্ন ঈদগাহ মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশ বেলাব উপজেলা শাখার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়। এ আয়োজনকে কেন্দ্র করে আত-তাহেরীর অনুসারীরা তাঁকে প্রধান বক্তা ঘোষণা করে পৃথক মাহফিলের আয়োজন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালান। এতে স্থানীয় মুসল্লি ও আলেম-ওলামাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সাবেক উপজেলা চেয়ারম্যান ও সংশ্লিষ্ট নেতাদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আত-তাহেরীর মাহফিলে অংশ না নেওয়ার আশ্বাস দেওয়া হলে তাঁদের আয়োজিত সম্মেলন প্রত্যাহার করা হয়। কিন্তু পরবর্তী সময়ে আত-তাহেরী ও তাঁর অনুসারীরা পৃথক মাহফিলের আয়োজন করেন। এ সময় তাঁকে এবং তাঁর সংগঠনের নেতাদের অপমান করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে মুফতি আনোয়ার হোসাইন চিশতী এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে গিয়াসউদ্দিন আত-তাহেরীকে নরসিংদী জেলায় অবাঞ্ছিত ঘোষণা এবং জেলায় তাঁর সব ধরনের মাহফিল ও কর্মসূচি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালানোর অভিযোগ তুলে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। পাশাপাশি কেন্দ্রীয় হেফাজতে ইসলামের নেতাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাওলানা কাউছার আহমেদ, মুফতি ওলিউল্লাহ, মুফতি তরিকুল ইসলাম, মুফতি আল-আমিন, মাওলানা আব্দুল্লাহ বিন বশির ও আশরাফ সাকিসহ স্থানীয় আলেম-ওলামারা।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪