| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩৫ টাকা কেজিতে তিন লাখ মেট্রিক টন আমন ‍ধান কিনবে সরকার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৬ ইং | ২১:৪৭:৪৮:অপরাহ্ন  |  ১৮৫ বার পঠিত
৩৫ টাকা কেজিতে তিন লাখ মেট্রিক টন আমন ‍ধান কিনবে সরকার

স্টাফ রিপোর্টার: চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে ৩৫ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন আমন ধান সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া মিলারদের কাছ থেকে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চালসহ মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন সংগ্রহ-২০২৬-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতা এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, সরকার ২০২৬-২৭ অর্থবছরে আমন মৌসুমে সারাদেশে মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আমরা সরাসরি কৃষকের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন আমন ধান, মিলারদের নিকট হতে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল নেব। সরকার কৃষকের উৎপাদন ব্যয় ও ন্যায্য মুনাফার বিষয়টি বিবেচনায় এনে চলতি মৌসুমে প্রতিকেজি আমন ধানের সংগ্রহ মূল্য ৩৫ টাকা, সিদ্ধ চালের সংগ্রহ মূল্য ৪৯ টাকা এবং আতপ চালের সংগ্রহ মূল্য ৪৮ টাকা নির্ধারণ করেছে। অর্থাৎ প্রতি মণ (৪০ কেজি) হিসাবে কৃষক সরকারি সংগ্রহ কেন্দ্রে মানসম্মত ধান বিক্রি করে ১,৪০০ টাকা পাবেন।

তিনি জানান, ১৪ নভেম্বর থেকে ধান সংগ্রহ শুরু হয়ে চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে, চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে ১ ডিসেম্বর। এটিও চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কৃষকদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আপনারাই সবচেয়ে বড় শক্তি। মাঠ ও খাদ্যশস্যের উৎপাদন মূলত আপনাদের হাতেই। আপনাদের অক্লান্ত পরিশ্রমে উৎপাদিত ধান যাতে আপনারা ঠিকমতো বিক্রি করতে পারেন এবং ন্যায্যমূল্য পান, সেদিকেই কিন্তু আমরা লক্ষ্য রাখছি। 

তিনি বলেন, কোনো মধ্যস্বত্বভোগীর কারণে কৃষক যেন ন্যায্যমূল্য থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে প্রশাসনকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করবে। আর একটা জিনিস, আমরা এখানে ৩ লাখ মেট্রিক টন বলেছি, যদি কোনো কৃষক আরও ধান বিক্রি করতে চান, আমরা সেটা থেকেও সংগ্রহ করব। সেটা ওপেন করা আছে বলে জানান তিনি।

মিলারদের প্রতি আহ্বান জানিয়ে আফরোজা খান রিতা বলেন, প্রায়ই অভিযোগ ওঠে, মিলাররা কৃষকদের ঠকান। এই কাজটা আপনারা করবেন না, এটা আপনাদের প্রতি বিনীত অনুরোধ। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন কৃষক ভাইদের একটা উন্নত জীবন তৈরি করে দেওয়ার জন্য, মিলার যারা আছেন, তাদের অনুরোধ করব আপনারা আপনাদের ন্যায্যমূল্যটা কৃষককে দেওয়ার চেষ্টা করবেন। কারণ সবাই যদি আমরা সম্মিলিতভাবে কাজ করি, তাহলে যেকোনো লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো।

এর আগে, আমন সংগ্রহ কার্যক্রম উদ্বোধনের পর খাদ্যমন্ত্রী পাঁচজন কৃষকের মধ্যে ওয়েট কোয়ালিটি সনদপত্র বিতরণ করেন।

এ ছাড়াও ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন খাদ্যমন্ত্রী। এ কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৯ জন কৃষককে প্রণোদনা দেওয়া হবে। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রীর হাত থেকে ১০ জন কৃষক প্রতীকীভাবে প্রণোদনা গ্রহণ করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪