ইন্টারন্যাশনাল ডেস্ক: পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশ বন্ধ, ইউরেনিয়ামের মজুত নিয়েও নেই নিশ্চিত তথ্য। এরই মধ্যে ৯০ শতাংশ বিশুদ্ধতার ইউরেনিয়াম সমৃদ্ধ করার সম্ভাবনার কথা উঠেছে ইরানে।
সব মিলিয়ে দেশটি পারমাণবিক বোমা তৈরির কতটা কাছাকাছি, তা নিয়ে নতুন করে গুঞ্জন উঠেছে।
সোমবার (১৬ নভেম্বর) ইরান জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ স্থায়ীভাবে শেষ হওয়া এবং তেহরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে না।
দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কর্মকর্তারা এসব স্থাপনা পরিদর্শন করতে পারবেন না। পরিদর্শনের আড়ালে যুক্তরাষ্ট্রের হামলায় ব্যবহৃত অস্ত্রের কার্যকারিতা যাচাইয়ের চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ইরানের নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পর থেকে সেখানে যেতে পারছেন না আইএইএর পরিদর্শকরা।
ফলে এসব স্থাপনায় থাকা পারমাণবিক উপাদানের বর্তমান অবস্থান ও পরিমাণ সম্পর্কে নিশ্চিত হতে পারছে না সংস্থাটি। একই সঙ্গে ইউরেনিয়ামের মজুত আগের অবস্থায় রয়েছে কি না, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এমন পরিস্থিতির মধ্যেই গত রোববার ইরানের সাবেক জ্যেষ্ঠ বিচার বিভাগীয় কর্মকর্তা ও সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ জাভাদ লারিজানি ৯০ শতাংশ বিশুদ্ধতার ইউরেনিয়াম সমৃদ্ধ করার সম্ভাবনার কথা বলেছেন।
পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়ামের বিশুদ্ধতা প্রায় ৯০ শতাংশ। ফলে, লারিজানির এই বক্তব্যের পর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে। তবে, এখন পর্যন্ত দেশটি পারমাণবিক বোমা তৈরির সিদ্ধান্ত নিয়েছে, এমন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সাধারণত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ৩ থেকে ৫ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করা হয়। ইরান এরই মধ্যে ৬০ শতাংশ বিশুদ্ধতার ইউরেনিয়াম উৎপাদন করেছে।
অন্যদিকে, পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়ামের বিশুদ্ধতা প্রায় ৯০ শতাংশ। তবে ৬০ শতাংশ থেকে ৯০ শতাংশে পৌঁছাতে তুলনামূলক কম সমৃদ্ধকরণ প্রয়োজন।
এদিকে, গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগে আইএইএর হিসাবে, ইরানের কাছে ৬০ শতাংশ সমৃদ্ধ ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল।
সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি এর আগে বলেছিলেন, এই ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করে অস্ত্র তৈরিতে ব্যবহার করা হলে তাত্ত্বিকভাবে ১০টি পর্যন্ত পারমাণবিক বোমার উপাদান পাওয়া সম্ভব।
কিন্তু হামলার পর থেকে এই মজুতের অবস্থান ও বর্তমান অবস্থা যাচাই করতে পারেনি আইএইএ। সংস্থাটি জানে না, ইউরেনিয়াম আগের জায়গায় রয়েছে কি না, আরও সমৃদ্ধ করা হয়েছে কি না কিংবা অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে কি না।
তবে, ইউরেনিয়াম ৯০ শতাংশ সমৃদ্ধ হলেই পারমাণবিক বোমা তৈরি হয়ে যায় না। কার্যকর অস্ত্র বানাতে আরও জটিল প্রযুক্তিগত ও প্রকৌশলগত ধাপ সম্পন্ন করতে হয়।
এখন পর্যন্ত পরিদর্শনের সুযোগ না থাকার সময় ইরান বোমা তৈরির দিকে এগিয়েছে, এমন কোনো যাচাই করা প্রমাণও পাওয়া যায়নি।
ইরানও দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ।
অন্যদিকে, আইএইএ দ্রুত পরিদর্শকদের প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটির পরিদর্শকরা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যেতে পারলেও অন্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে প্রবেশ করতে পারছেন না।
ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা কাটছে না। দেশটির হাতে কতটা সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, তা আরও সমৃদ্ধ করা হচ্ছে কি না এবং পারমাণবিক স্থাপনাগুলোতে কী ঘটছে, এসব প্রশ্নের মিলছে না উত্তর। সূত্র: গলফ নিউজ
রিপোর্টার্স২৪/ধ্রুব