রিপোর্টার্স২৪ ডেস্ক: দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে পৌঁছান মেঘনা। বেলা সোয়া ১১টার দিকে সেখান থেকে বেরিয়ে যান।
তাকে জিজ্ঞাসাবাদের বিষয়টি দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। গত ৪ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও দুই সদস্যবিশিষ্ট অনুসন্ধান টিমের প্রধান সুমিত্রা সেন ওই তলবি চিঠি দেন বলে জানা গেছে।
দুদক সূত্রে জানা যায়, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির এবং মডেল মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। ওই অভিযোগ অনুসন্ধানের স্বার্থে মেঘনা আলমের আজ হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে দুদকের তলবি চিঠিতে।
মেঘনা আলম একাধারে একজন মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ। ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব জয় করে তিনি আলোচনায় আসেন। এছাড়া তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’এর চেয়ারপারসন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে কাজ করছেন। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গণঅধিকার পরিষদের মনোনয়নে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ঢাকা-৮ সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
নোটিশে বলা হয়, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড ও সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির এবং মডেল মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম