ফরিদপুর প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করা হোক। আমরা আবারও গোপালগঞ্জ যাবো, এই যাওয়া শেষ দেওয়া নয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জের অপকর্মের জুলাই পদযাত্রা থামবে না। আমরা তিন আগস্টের মধ্যে সারা বাংলাদেশের পদযাত্রা শেষ করব। আমরা ফরিদপুরের জন্য লড়াই করতে এসেছি। গোপালগঞ্জ এখন ফ্যাসিবাদ এবং ডেভিলদের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে। জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি গ্রামেও যাব ।
এর আগে বেলা ২টা ১০ মিনিটে ফরিদপুরে পৌঁছে সার্কিট হাউস থেকে পদযাত্রা নিয়ে মঞ্চে এসে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় পদযাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা এবং বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিটের কর্মী ও সমর্থকরা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সচিব ডা. তাসনিম জারা, জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, নাসিরউদ্দিন পাটুয়ারীসহ বৈষম্যবিরোধী ফরিদপুর ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ রিয়াজসহ আরও অনেকে।
রিপোর্টার্স২৪/আরএইচ