মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে এসএসসি, দাখিল ও কারিগরি বোর্ডের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২ ও ২০২৩ সালের পরীক্ষায় উত্তীর্ণ ৩১ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজিফা বাশার এবং ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (চলতি দায়িত্বে) কবিতা রানী মালো। সমন্বয়কের দায়িত্ব পালন করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহীদ হোসেন।
মো. লুৎফর রহমান খান বলেন, আমাদের আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তারা শুধু পরিবার কিংবা বিদ্যালয়ের গর্ব নয়, পুরো মাদারীপুর জেলার অহংকার। শিক্ষা জীবনের শুরুতেই এমন সম্মাননা তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। আমি প্রত্যাশা করি, এরা যেন ভালো মানুষ, দক্ষ নাগরিক এবং সমাজের আলোকবর্তিকা হয়ে উঠতে পারে। শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ তাঁদের পরিশ্রম ছাড়া এই সাফল্য সম্ভব হতো না।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসাহব্যঞ্জক।
রিপোর্টার্স২৪/আরএইচ