ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনের ওপর হামলার ঘটনায় আলোচিত লাল চাঁন এবার গ্রেপ্তার হয়েছেন ডাকাতি মামলায়।
শনিবার (১৯ জুলাই) দুপুরে বালিয়াডাঙ্গী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মোটরসাইকেলযোগে কয়েল কিনতে যাওয়ার পথে উপজেলার সর্বমঙ্গলা জামে মসজিদের সামনে রনি হোসেন নামের এক যুবকের পথরোধ করে লাল চাঁনসহ কয়েকজন। তারা তার মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করে। রনি চিৎকার করলে মসজিদের মোয়াজ্জেম ও স্থানীয় লোকজন এগিয়ে এসে লাল চাঁনকে ধরে ফেলেন। পরে ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
রনি হোসেন থানায় গিয়ে লাল চাঁনের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে মামলা করেন।
গ্রেপ্তার হওয়া লাল চাঁনের বাড়ি উপজেলার আলমগীর হোসেনের ছেলে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, লাল চাঁন এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, লুটপাট ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। তার বিরুদ্ধে কেউ মুখ খুললে তাকে হুমকি দেওয়া হতো। তারা অভিযোগ করেন, লাল চাঁনকে রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা দিতেন বিএনপি নেতা সৈয়দ আলম ও মাহবুবুর রহমান।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, ‘লাল চাঁনই বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনে ফয়সল আমীনের ওপর হামলার মূল হোতা। তিনি সৈয়দ আলম ও মাহবুবুর রহমানের পক্ষে থেকে ওই হামলায় অংশ নেন।’
রিপোর্টার্স২৪/আরএইচ